চীনে ডেলিভারিম্যান জিতলেন সাহিত্য পুরস্কার

ডেলিভারি শ্রমিক ওয়াং জি বিং
সময়ের সঙ্গে অবিরাম দৌড়ে কাটে যার দিন, তিনিই কি না সময়কে বন্দি করলেন কাগজে কলমে। ৫৬ বছর বয়সী খাবার ডেলিভারি শ্রমিক ওয়াং জি বিং জিতে নিলেন চীনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা— লু শুন সাহিত্য পুরস্কার।
লিফটে কিংবা কাস্টমারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার ফাঁকে লেখা কবিতার সংকলন ‘নিম্নগামী উড়ান’-এর জন্যই এ স্বীকৃতি মিলল তার। বিদ্যালয় থেকে ঝরে পড়া ওয়াং জীবিকার তাগিদে হয়েছেন নির্মাণশ্রমিক, ভাঙাড়ি সংগ্রাহক।
৫০ বছর বয়সে ব্যর্থ জীবনে আর কোনো উপায় না দেখে ডেলিভারি রাইডার হিসেবে যোগ দিয়েছিলেন। অ্যাপের সময় গণনার চাপেই তার কলম থেকে বেরোয় ‘ব্যস্ত মানুষ’ কবিতার সেই পঙ্ক্তি— ‘সময়ের সঙ্গে প্রতিযোগিতায় নামা মানুষের কোনো ঋতু নেই, শুধু একটি গন্তব্য আর তার পরেরটি।’
পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাং ইউ উ বলেছেন, এ পুরস্কার শুধু একজনকে নয়, বরং সমাজের প্রায় উপেক্ষিত গোষ্ঠীকেই কণ্ঠস্বর দিল। ওয়াং নিজেও বিশ্বাস করেন, বাস্তব জীবনের গভীর সংযোগই লেখকের প্রকাশকে সৎ করে তোলে। পুরস্কার জয়ের পরও তার ইচ্ছা— আবার স্কুটারে চেপে নিজের কাজে ফিরে যাওয়া, কারণ ‘মাটিতে পা রেখে চললেই মনের সবচেয়ে পরিষ্কার অবস্থাটা পাওয়া যায়’— একদিন লিখেছিলেন তিনি।
ওয়াংয়ের ভাষায়, ‘নিচু উড়ানও এক উড়ান।’ জীবনের নানা চাপ সরিয়ে তিনি হাসেন, ‘জীবন যতটা বরফ চাপিয়ে দিক, আমি ঠিক ততগুলো বসন্তের মুখোমুখি দাঁড়াব।’




