কণিকা
নতুন পডকাস্ট ‘আ গ্রেট বুক উইথ বারাক ওবামা’

আ গ্রেট বুক উইথ বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বই নিয়ে একটি বিশেষ পডকাস্ট শুরু করতে যাচ্ছেন, যেখানে তিনি ছয়টি বই নিয়ে আলোচনা করবেন যা তার বিশ্বদৃষ্টি গড়ে দিয়েছে। ‘আ গ্রেট বুক উইথ বারাক ওবামা’ নামের অনুষ্ঠানটি ২৪ সেপ্টেম্বর ‘অডিবল’-এ মুক্তি পাবে। অামাজনের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছে ওবামা দম্পতির প্রযোজনা সংস্থা হায়ার গ্রাউন্ড। ছয় পর্বের প্রতিটিতে অতিথির সঙ্গে ওবামা একটি করে বইয়ের আলাপ করবেন। নির্বাচিত বইগুলো হলো টনি মরিসনের ‘সং অব সলোমন’, জন লে কারের ‘টিঙ্কার টেইলর সোলজার স্পাই’, জেমস বল্ডউইনের ‘দ্য ফায়ার নেক্সট টাইম’, করম্যাক ম্যাকার্থির ‘অল দ্য প্রিটি হর্সেস’, মেরিলিন রবিনসনের ‘গিলিয়েড’ এবং রবার্ট পেন ওয়ারেনের ‘অল দ্য কিংস মেন’। ওবামা বলেছেন, ‘শ্রেষ্ঠ বইগুলো আমাকে সবসময় নিজেকে ও আমার বিশ্বাসকে চিনতে সাহায্য করেছে’। এই পডকাস্টের মাধ্যমে সাহিত্যপ্রেমীরা ওবামার চিন্তাজগতের একান্ত অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাবেন।






