আলবার্তো মোরাভিয়ার জন্মদিনে
দ্বিমুখী মানুষের মন ধরতে চাইতেন মোরাভিয়া

আলবার্তো মোরাভিয়া (২৮ নভেম্বর ১৯০৭—২৬ সেপ্টেম্বর ১৯৯০)
আলবার্তো মোরাভিয়াকে (১৯০৭–৯০) বিগত শতকের ইতালীয় সাহিত্যের অন্যতম প্রধান কণ্ঠস্বর এবং তাকে তার সময়ের সবথেকে ‘যুক্তিবাদী’ কথাসাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। তার গদ্যে কোনো অলৌকিক উপাদান নেই, ভাষায় বাহুল্য নেই— শব্দ সাধারণ, বাক্য খটখটে শুকনো ও স্পষ্ট; অথচ এই স্পষ্টভাষী লেখকই যৌনতা, সামাজিক বিচ্ছিন্নতা এবং অস্তিত্ববাদের বিষয়গুলো নিয়ে নির্মমভাবে নাড়াচাড়া করেছেন। মোরাভিয়া নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার জীবনে সবকিছুই এলোমেলো মনে হয়, শুধু যে বইগুলো আমি লিখেছি সেগুলো ছাড়া’— আমরা ধরে নিতে পারি এই বক্তব্যে তার সাহিত্যিক অভিপ্রায়ের চাবিকাঠি লুকিয়ে আছে— লেখালেখিই ছিল মোরাভিয়ার জীবনের একমাত্র সুসংহত প্রকল্প।
তিনি নিজেকে ‘চাঁদের মতো’ দ্বিমুখী মানুষ বলে বর্ণনা করেছেন— একটি দিক সবাই জানে, আরেকটি দিক নিজের কাছেও অজানা; দৈনন্দিন জীবনে তিনি সবসময় ‘বিচ্ছিন্ন’, যেন একটি পুরনো টেবিলের আলগা হয়ে পড়া টুকরো, যা দেখতে মনে হয় জোড়া আছে, বাস্তবে আলাদা। এই দ্বিমুখীতা— বুর্জোয়া সমাজের নির্মম সমালোচনা এবং প্রান্তিক মানুষের প্রতি গভীর সহানুভব— তার জীবন ও সাহিত্যের কেন্দ্রীয় স্পন্দন।
বাংলা ভাষায় তার রচনার অনুবাদ সীমিত এবং তাকে ঘিরে থাকা ‘যৌনতা’-র বিতর্কের ছায়ায় অনুবাদকরা প্রায়শই সরে থেকেছেন; অথচ এ লেখকের মধ্য দিয়েই ইউরোপীয় অস্তিত্ববাদী উপন্যাসের একটি মৌলিক ধারা বাংলা ভাষার পাঠকের কাছে উন্মোচিত হতে পারত।
কথাসাহিত্যিকের নিজের জবানিতে যখন তার সৃজনশীল প্রক্রিয়া ও ভাবনার পরতে পরতে তাকানো যায়, তখন দেখা যায় তিনি কোনো তাত্ত্বিক বা দার্শনিক যুক্তি দিয়ে উপন্যাসের জগৎ সাজাতে চান না— তার কাছে প্রতিটি সংজ্ঞাই অনেক সময় একটি অঙ্গচ্ছেদের সমতুল্য, কারণ একটি উপন্যাস কোনো দার্শনিক গ্রন্থ নয়; এর ধারণাগুলো জীবন্ত হয়ে ওঠে শুধু চরিত্র ও পরিস্থিতির আনুষ্ঠানিক কাঠামোর ভেতরে।
তবু নিজের গভীরতর প্রেরণার কথা বলতে গিয়ে তিনি ফিরে আসেন স্বাভাবিকতা ও অস্বাভাবিকতার চিরন্তন টানাপড়েনে— একজন শিল্পীর ভেতরের সেই অদ্ভুত বর্ণনাতীত অনুভূতিতে, যেখানে চেনা বুর্জোয়া পরিবেশ ও সাধারণ পারিবারিক কাঠামো অনেক সময় এক অদৃশ্য ভার বা বোঝা হয়ে দাঁড়ায়।
এক প্রতিভার আত্মপ্রকাশ
মোরাভিয়ার আসল নাম আলবার্তো পিঙ্কেরলে। তিনি ১৯০৭ সালের ২৮ নভেম্বর রোমের এক সচ্ছল বুর্জোয়া পরিবারে জন্মগ্রহণ করেন— বাবা ইহুদি স্থপতি ও চিত্রশিল্পী, মা ক্যাথলিক। শৈশবেই হাড়ের ক্ষয়জনিত আক্রান্ত হন এবং দীর্ঘসময় বিছানাবন্দি থাকতে বাধ্য হন। এই বাধ্যতামূলক নিঃসঙ্গতাই তাকে বইয়ের কাছে নিয়ে যায়; কোনো বন্ধু ছিল না, বিশ্ববিদ্যালয়ের জীবন ছিল না— শুধু বই এবং কল্পনা।
এই অভিজ্ঞতা তার মধ্যে এক ধরনের ‘নির্নিমেষ দৃষ্টি’ তৈরি করেছিল, যা পরে তার সাহিত্যের নির্মম পর্যবেক্ষণ শক্তির ভিত্তি হয়ে উঠেছিল। মোরাভিয়া নিজেই বলেছিলেন, তার জীবনকে গড়ে তুলেছিল দুটি ঘটনা— অসুস্থতা এবং ফ্যাসিবাদ।
মাত্র আঠারো বছর বয়সে তিনি লেখা শুরু করেন ‘গ্লি ইন্দিফারেন্তি’ (Gli indifferenti) বা ‘উদাসীনদের সময়’, যা ১৯২৯ সালে তার নিজের খরচে প্রকাশিত হয়ে ইতালীয় সাহিত্যে বিস্ফোরণের মতো সাড়া ফেলে দেয়। এই উপন্যাস তাকে ইউরোপের প্রথম অস্তিত্ববাদী উপন্যাসের রচয়িতা হিসেবে প্রতিষ্ঠিত করে— সার্ত্রের ‘বমি’ প্রকাশের প্রায় এক দশক আগেই। এরপর যুদ্ধোত্তর সময়ে তিনি নিওরিয়ালিজমের প্রধান প্রতিনিধি হিসেবে ‘রোমের নারী’ (১৯৪৭) বা(La romana, ১৯৪৭), ‘অবাধ্যতা’ (১৯৪৮) (La disubbidienza, ১৯৪৮), ‘অনুরূপী’ (১৯৫১) , ‘রোমান টেলস’ (১৯৫৪) এবং ‘দুই নারী’ (১৯৫৭) প্রকাশ করেন। মোরাভিয়ার প্রথম উপন্যাসের সাফল্য কেবল ব্যক্তিগত বিজয় ছিল না; এটি ইতালীয় সাহিত্যে এমন এক ভাষা ও দৃষ্টিভঙ্গির সূচনা করেছিল, যেখানে নৈতিকতার প্রচলিত ভাষা ভেঙে পড়ে এবং ব্যক্তির অভ্যন্তরীণ শূন্যতা সামনে চলে আসে।
রোগশয্যায় শুয়ে কাটানো সেই দীর্ঘ দিনগুলো মোরাভিয়াকে কেবল পাঠক বানায়নি, এক জন্মগত গল্পকথকেও রূপ দিয়েছে। তিনি নিজেই প্রায়শই বলেছেন যে লেখক হওয়া যায় চর্চা, সংবেদনশীলতা ও প্রতিভার জোরে, কিন্তু গল্প বলার বা বর্ণনা করার প্রবৃত্তি জন্মগত— যেমন নয় বছর বয়সেও নিজের ভেতরে গল্প ও উপন্যাসের জগৎ তৈরি করার অভিজ্ঞতা তার ছিল। শিল্পকলার প্রতি তার ভালোবাসাও ছিল গভীর; সাহিত্যের চেয়ে চিত্রকলাকে তিনি অনেক সময় বেশি পছন্দ করতেন, আর লেখক না হলে হয়তো চিত্রশিল্পীই হতে চাইতেন। সেই দৃষ্টির নিরাসক্তি ও কাঠামোগত শৃঙ্খলাই তার প্রথম উপন্যাসকে একটি প্রচলিত পারিবারিক আখ্যানের সীমা ছাড়িয়ে আধুনিক ইউরোপীয় চেতনার এক তীক্ষ্ণ দলিলে পরিণত করে।
পরিবার, সংকট ও দ্বিমুখী স্বাভাবিকতার প্রশ্ন
মোরাভিয়ার চিন্তায় পরিবার ও সমাজের সংকট পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একদিকে সমাজের নিয়ম ও পারিবারিক বন্ধন মানুষের জন্য স্বাভাবিকতা ও স্থিতিশীল আশ্রয় হওয়ার কথা; অন্যদিকে সেই একই পরিসরের ভেতরে লুকিয়ে থাকে দমন, নিষেধ, আকাঙ্ক্ষা ও মানসিক টানাপোড়েন। মোরাভিয়া খোলাখুলিভাবেই তুলে ধরেছেন যে পরিবার এমন এক সামাজিক কেন্দ্র, যাকে সমাজের ভিত্তি হিসেবে কল্পনা করা হলেও একই সঙ্গে তা উন্মত্ত আবেগ, যৌনতার সূচনা এবং নানা অভ্যন্তরীণ দ্বন্দ্বের আধার। বন্ধু, জীবনসঙ্গী বা প্রেমিককে মানুষ নিজের ইচ্ছায় বেছে নিতে পারে, কিন্তু আত্মীয়তা আসে এক অনিবার্য বাস্তবতা হিসেবে— আর সেখান থেকেই জন্ম নেয় নানা সূক্ষ্ম অস্বস্তি ও বিরোধ।
এই জটিলতার এক চরম প্রতীক হিসেবে মোরাভিয়া অজাচার নিষেধের (incest taboo) প্রসঙ্গ টানেন। তার মতে, এই নিষেধ দেখায় যে পরিবারের গঠনের ভেতরেই এক ধরনের স্ববিরোধ কাজ করে, কারণ সমাজ ও পরিবারকে সুসংহত রাখতে গিয়ে এমন এক আকাঙ্ক্ষাকে নিষিদ্ধ করতে হয়েছে, যা আদিম ও স্বাভাবিক—যেমন শিশুর প্রথম দেখা নারী, অর্থাৎ মায়ের প্রতি কামনা বা আকর্ষণের প্রবৃত্তি। এই বিশ্লেষণে মোরাভিয়া কোনো নৈতিক উপদেশ দেন না; বরং মানবমন ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যকার সেই অস্থির সীমারেখাকে উন্মোচন করেন, যেখানে স্বাভাবিকতা ও নিষেধ মুখোমুখি দাঁড়িয়ে যায়।
বুর্জোয়া নৈতিকতার ভাঙন ও অস্তিত্বের শূন্যতা
‘গ্লি ইন্দিফারেন্তি বা উদাসীনতার সময় এর কেন্দ্রে রয়েছে আরদেঙ্গো পরিবার— বিধবা মা মারিয়াগ্রাজিয়া, তার প্রেমিক লেও, এবং দুই সন্তান মিশেল ও কার্লা। এই চরিত্ররা প্রায় স্বয়ংক্রিয়ভাবে জীবনযাপন করে; তাদের আবেগ—প্রধানত যৌনপ্রকৃতির—তাদের ব্যক্তিগত এক উদাসীনতার দিকে নিয়ে যায়, যা সেই সময়ের বৃহত্তর সামাজিক উদাসীনতার আয়না। মিশেলের চরিত্রে যে নিষ্ক্রিয়তা ও সিদ্ধান্তহীনতা দেখা যায়— সে লেওকে গুলি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ মুহূর্তে গুলি ছুটে যায় দেয়ালে— তা মোরাভিয়ার পরবর্তী সমগ্র সাহিত্যের কেন্দ্রীয় থিম হয়ে ওঠে: বাস্তবতার সঙ্গে সক্রিয় সম্পর্ক স্থাপনে মানুষের অক্ষমতা। মোরাভিয়ার চরিত্ররা ‘জীবনকে সহ্য করে, বিদ্রোহ করার ব্যর্থ চেষ্টা করে, এবং শেষে পরাজয়ের কাছে আত্মসমর্পণ করে’। এই উপন্যাসে যে ‘উদাসীনতা’ দেখা যায়, তা পরবর্তীতে ‘শূন্য ক্যানভাস’-এ ‘একঘেয়েমি’ হিসেবে, ‘অনুরূপী’-তে ‘স্বাভাবিকতার’ প্রতি আকর্ষণ হিসেবে, এবং ‘দুই নারী’-তে যুদ্ধের বিভীষিকায় মানুষের টিকে থাকার সংগ্রাম হিসেবে নতুন রূপ নেয়। মোরাভিয়ার প্রথম উপন্যাস তাই কেবল সাহিত্যজীবনের সূচনা নয়; এটি তারসমগ্র কাজের একটি সংক্ষিপ্তসারও বটে।
এই উপন্যাসের বিদ্রোহের ধরনটিও মোরাভিয়ার জগতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে বিদ্রোহ প্রায়ই কোনো মহৎ আদর্শ বা বীরত্বপূর্ণ বিজয়ের রূপ নেয় না; বরং তা ঘটে এক বাধ্যতামূলক, অবরুদ্ধ পরিস্থিতির ভেতরে চাপা ক্ষোভ ও অসহায়তা থেকে। কার্লা বা মিশেলের মতো তরুণ চরিত্রগুলোর আচরণে তাই ফুটে ওঠে এমন এক প্রতিবাদ, যা অনেক সময় নিজের কাছেও পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু চারপাশের ভণ্ডামি ও নৈতিক শূন্যতার বিরুদ্ধে এক ধরনের অস্বস্তিকর প্রতিক্রিয়া হিসেবে কাজ করে।
ফ্যাসিবাদের মনস্তত্ত্ব ও ‘স্বাভাবিকতার’ বিভীষিকা
১৯৫১ সালে প্রকাশিত ‘অনুরূপী’ (Il conformista) মোরাভিয়ার তীক্ষ্ণতম রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কাজ। এর কেন্দ্রীয় চরিত্র মার্সেলো ক্লেরিচি একজন ফ্যাসিবাদী গুপ্তচর, যে নিজের সমকামী আকাঙ্ক্ষাকে দমন করার জন্য ফ্যাসিবাদী ‘স্বাভাবিকতা’-র আশ্রয় নেয়। মোরাভিয়া স্পষ্টভাবে বলেছিলেন, এই উপন্যাসের মূল সমীকরণ হলো: ‘নায়ক ফ্যাসিবাদী কারণ সে সমকামী’ (il protagonista è fascista perché omosessuale)। তেরো বছর বয়সে মার্সেলো এক চালককে গুলি করে হত্যা করেছে বলে বিশ্বাস করে; এই ট্রমা তাকে ‘অস্বাভাবিক’ বোধে আচ্ছন্ন করে এবং ভিড়ের মধ্যে আত্মগোপন করার তীব্র আকাঙ্ক্ষা জাগায়— সেই আকাঙ্ক্ষাই তাকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেয়, কারণ ফ্যাসিবাদ তখন ‘স্বাভাবিকতা’-র প্রতিনিধিত্ব করছিল। উপন্যাসের গভীরে কাজ করে মার্সেলোর নিজের সুপ্ত সমকামিতাকে স্বীকার করার ভয়। মার্সেলোর স্ত্রী জুলিয়াও ‘স্বাভাবিক’ নন—তিনি এক ধর্ষকের শিকার হয়েছিলেন এবং পরে সেই ধর্ষকেরই প্রেমিকা ছিলেন; এই কারণেই মার্সেলো তাকে বিয়ে করতে পারে। উপন্যাসের অন্তিম পর্বে মার্সেলো প্যারিসে তার প্রাক্তন শিক্ষক কোয়াদ্রিকে হত্যা করে, কিন্তু পরে জানতে পারে কোয়াদ্রি আসলে ফ্যাসিবাদবিরোধী গুপ্তচর এবং মার্সেলোর মতোই সমকামী—যাকে সে ‘অস্বাভাবিক’ ভেবে হত্যা করেছে, সে আসলে তার নিজেরই আয়না। বার্নার্দো বার্তোলুচ্চির ১৯৭০ সালের চলচ্চিত্ররূপ এই মনস্তাত্ত্বিক জটিলতাকে আরও ব্যাপকভাবে পরিচিত করে তোলে। ‘অনুরূপী’ প্রমাণ করে, মোরাভিয়ার রাজনৈতিক সচেতনতা কখনোই সরল প্রচারমূলক ছিল না; তিনি ফ্যাসিবাদকে বুর্জোয়া সমাজের নৈতিক শূন্যতারই একটি চরম প্রকাশ হিসেবে দেখেছেন এবং রাজনীতি ও যৌনতার সম্পর্ককে এমনভাবে জড়িয়ে দিয়েছেন যে একটিকে অন্যটি থেকে আলাদা করা যায় না।
ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের স্মৃতি মোরাভিয়ার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। রোম অভিমুখী ফ্যাসিস্ট মিছিলের দিনগুলোর স্মৃতিতে তার মনে ধরা পড়েছিল এক অদ্ভুত বৈপরীত্য— যেখানে ঐতিহাসিক ও রাজনৈতিক নাটকীয়তার আড়ালে সামরিক শৃঙ্খলার বদলে গ্রামাঞ্চলের শিকারিদের মতো এক এলোমেলো, অদ্ভুত দৃশ্যও তারচোখে পড়েছিল, আর সেই সময়ের সঙ্গে জড়িয়ে ছিল এক তীব্র শারীরিক যন্ত্রণা ও ঘাড়ের ব্যথার স্মৃতি। সময়ের সঙ্গে সঙ্গে বুর্জোয়া শ্রেণির বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে তার ভেতরে জন্ম নেয় এক গভীর সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, যা তাকে কখনোই কোনো আদর্শের অন্ধ অনুগামী হতে দেয়নি।
‘শূন্য ক্যানভাস’ ও একঘেয়েমির দর্শন
১৯৬০ সালে প্রকাশিত ‘শূন্য ক্যানভাস’ (La noia) মোরাভিয়ার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস; পরের বছর এটি ভিয়ারেজ্জো পুরস্কার জিতে নেয়। এ উপন্যাসের নায়ক দিনো রোমের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যে চিত্রকর্ম করে সময় কাটায়, কিন্তু সবকিছুর প্রতি বিরক্ত, একঘেয়েমিতে আচ্ছন্ন। মোরাভিয়ার কাছে ‘একঘেয়েমি’ (noia) বিনোদনের বিপরীত নয়; দিনোর নিজের কথায়, ‘একঘেয়েমি আমার কাছে বাস্তবতার এক ধরনের অপ্রতুলতা বা অপর্যাপ্ততা বা ঘাটতি’। এই উপন্যাসে মোরাভিয়া ‘উদাসীনদের সময়’-এর থিমগুলোর স্পষ্ট পুনরুত্থান ঘটিয়েছেন— বুর্জোয়া জগতের বিলুপ্তি এবং যৌনতা ও অর্থের প্রতি আবেশী আকর্ষণ— কিন্তু এবার মার্কসবাদ ও অস্তিত্ববাদের প্রিজমের মধ্য দিয়ে। কেন্দ্রীয় সমস্যা হলো বাস্তবতার সঙ্গে সম্পর্ক স্থাপনের সমস্যা, যা বুর্জোয়া ‘দখল’ (possesso) -এর বিভাজনের মধ্য দিয়ে ঘটে। দিনো সিসিলিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে তার শূন্যতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়; সিসিলিয়া দিনোর দেওয়া টাকা সম্পূর্ণ উদাসীনভাবে গ্রহণ করে এবং তা অন্য এক পুরুষকে দিয়ে দেয়। দিনো বুঝতে পারে মানুষকে ‘দখল’ করা যায় না, এবং এই উপলব্ধিই তার একঘেয়েমিকে আরও গভীর করে তোলে। এই উপন্যাসে যৌনতা এক ধরনের পণ্যে পরিণত হয়, যা মানুষের মধ্যে প্রকৃত সংযোগের অভাবকে আরও স্পষ্ট করে তোলে। ‘শূন্য ক্যানভাস’-এ দিনোর একঘেয়েমি কেবল ব্যক্তিগত মনস্তত্ত্ব নয়; এটি একটি সামাজিক অবস্থার প্রকাশ, যেখানে শিল্প, প্রেম ও অর্থ— কোনোটিই জীবনের অর্থ দিতে পারে না। সমালোচকেরা এই উপন্যাসকে কামুর ‘আউটসাইডার’-এর সঙ্গে তুলনা করেছেন, কারণ এখানেও একঘেয়েমি নায়ককে জীবনের প্রতি এক ধরনের উদাসীনতা ও কর্মক্ষমতার অভাবের দিকে ঠেলে দেয়।
দিনোর মতো চরিত্রগুলোর জগতে রোমের ভৌগোলিক স্থানগুলো প্রায়ই উপস্থিত থাকে—কখনো ভিয়া মার্গুট্টার স্টুডিও, কখনো ভিয়া আপ্পিয়ার ভিলা, কখনো প্রাতি এলাকা, আবার কখনো ভিয়া রিপেত্তা বা পিয়াজ্জা দেল পপোলোর সকালের আলো। তবু মোরাভিয়া নিজেই স্পষ্ট করেছেন যে এই উপন্যাসগুলোতে রোমের স্থাপত্য বা দৃশ্যাবলি কোনো পর্যটক-মানচিত্রের মতো নয়; বরং তা মূলত ধারণা, মানসিক সংকট ও আত্মিক অবস্থার পটভূমি। এমনকি তার রোমান গল্পগুলোর ভৌগোলিক বিন্যাসও অনেক সময় ইচ্ছাকৃতভাবেই বাস্তব মানচিত্রের সঙ্গে মেলে না, কারণ তার আসল লক্ষ্য বাইরের শহরের চেয়ে ভেতরের মানুষের অস্তিত্বগত টানাপোড়েনকে ধরা।
‘দুই নারী’: যুদ্ধ, ধর্ষণ ও মাতৃত্বের নৈতিক পরীক্ষা
‘দুই নারী’ (La ciociara, ১৯৫৭) মোরাভিয়ার সবচেয়ে হৃদয়বিদারক উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে রোম থেকে পালিয়ে সিওচারিয়া অঞ্চলে আশ্রয় নেওয়া বিধবা দোকানদার চেজিরা এবং তার তেরো বছর বয়সী কন্যা রোসেতার গল্প এটি। মুক্তি যখন আসে, তখনই ঘটে অপ্রত্যাশিত ট্র্যাজেডি: ফেরার পথে মিত্র বাহিনীর মরক্কীয় সেনারা তাদের আক্রমণ করে; রোসেতাকে ধর্ষণ করা হয় এবং চেজিরা অচেতন হয়ে পড়েন। এই ধর্ষণ রোসেতার ব্যক্তিত্বকে এমনভাবে পরিবর্তিত করে যে সে নির্বিকারভাবে পতিতাবৃত্তির জীবনে ডুবে যায়। উপন্যাসটি এই ধর্ষণকে কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি হিসেবে নয়, বরং যুদ্ধ দ্বারা ‘ধর্ষিত ইতালির’ একটি রূপক হিসেবে উপস্থাপন করে। ভিটোরিও ডে সিকার ১৯৬০ সালের চলচ্চিত্ররূপে সোফিয়া লরেনের অভিনয় এই উপন্যাসকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ‘দুই নারী’ মোরাভিয়ার ‘শীতল’ পর্যবেক্ষকের ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করে; এখানে তিনি যুদ্ধের নারীর অভিজ্ঞতা, মাতৃত্বের সুরক্ষামূলক প্রবৃত্তি এবং সারল্যের ধ্বংসকে এমন নির্মম অথচ সহানুভূতিশীলভাবে চিত্রিত করেছেন, যা তারসাহিত্যের অন্য একটি মেরুকে উন্মোচিত করে। এই উপন্যাসের মধ্য দিয়ে মোরাভিয়া প্রমাণ করেছেন, তার‘শীতলতা’ আসলে একটি পর্দা—যার আড়ালে রয়েছে মানুষের দুঃখ ও মর্যাদার প্রতি গভীর সহানুভূতি।
ছোটগল্পের জগৎ: ‘রোমান টেলস’ ও অন্যান্য আখ্যান
মোরাভিয়ার ছোটগল্পগুলো তার উপন্যাসের পরিপূরক নয়; বরং সেখানে সংক্ষিপ্ত পরিসরে মানবস্বভাবের সূক্ষ্ম ভাঙন ও সামাজিক ভণ্ডামি আরও তীক্ষ্ণভাবে ধরা পড়ে। এর মধ্যে ‘রোমান টেলস’ (Racconti romani, ১৯৫৪) হলো ৬১টি ছোটগল্পের সংকলন, যা মূলত ‘করিয়েরে দেলা সেরা’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সব গল্পই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী রোম বা তার আশপাশে সেট করা এবং ‘রোমের সাধারণ মানুষ’ (Roma popolana) -কে কেন্দ্র করে। চরিত্ররা সাধারণত বেকার, প্রাক্তন কারাবন্দি, ওয়েটার, চালক, প্রতারক, চোর এবং ছোট অপরাধী—নিম্নবর্গের মানুষ, যারা দারিদ্র্য থেকে উঠে আসতে চায়। এই গল্পগুলোর বিশেষত্ব হলো এগুলো প্রথম পুরুষে বর্ণিত, যেখানে বর্ণনাকারী প্রায়শই নামহীন, কিন্তু তার পেশা, উদ্দেশ্য ও সামাজিক অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়। মোরাভিয়া এখানে কোনো উচ্চবিত্ত দার্শনিক ভাষা প্রয়োগ করেননি; বরং চরিত্রদের নিজস্ব মুখের ভাষা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছেন। সমালোচকেরা লক্ষ করেছেন, এই গল্পগুলোতে মোরাভিয়া দেখান যে সামাজিক জীবন মিথ্যা ও সংঘাতে ভরা—এমনকি নিম্নবর্গের মধ্যেও। ‘রোমান টেলস’ মোরাভিয়ার ‘শীতলতা’-র পর্দার আড়ালে থাকা গভীর সহানুভূতির সবচেয়ে স্পষ্ট প্রমাণ এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী রোমের জীবনের একটি মূল্যবান ‘স্ন্যাপশট’ হিসেবে বিবেচিত হয়।
‘রোমান টেলস’-এর বাইরেও মোরাভিয়ার ছোটগল্পে— যেমন পরবর্তীকালে প্রকাশিত রোমান জীবনের গল্পমালা কিংবা কামনা, বিচ্ছিন্নতা ও আত্মপ্রতারণাকে ঘিরে লেখা আখ্যানগুলোতে— একই রকম নির্মোহ পর্যবেক্ষণ দেখা যায়। ছোটগল্পে তিনি প্রায়ই একটি একক মুহূর্ত, একটি ছোট লেনদেন বা একটি দ্বিমুখী সম্পর্কের ভেতর দিয়ে চরিত্রের আসল মুখোশ খুলে দেন; সেখানে কোনো নাটকীয় অলংকার ছাড়াই ফুটে ওঠে কীভাবে মানুষ নিজের স্বার্থ, ভীতি ও অসহায়তাকে আড়াল করতে গিয়ে কখনো অদ্ভুত যুক্তি দাঁড় করায়, আবার কখনো অকপট বাস্তবতার সামনে অসহায় হয়ে পড়ে।
প্রবন্ধ, সমালোচনা ও চিন্তার ভুবন
মোরাভিয়া কেবল কথাসাহিত্যিক ছিলেন না; সাংবাদিক, ভ্রমণলেখক এবং সাহিত্য-সংস্কৃতির সমালোচক হিসেবেও তার প্রবন্ধগুলো সমান তাৎপর্যপূর্ণ। দীর্ঘকাল তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত লিখেছেন— যেখানে সাহিত্য, শিল্প, সমাজ, রাজনীতি, যৌনতা, ভ্রমণ ও বিশ্বসংস্কৃতি নিয়ে তারবিশ্লেষণগুলো এক ধরনের বুদ্ধিবৃত্তিক ডায়েরির মতো কাজ করেছে। তার প্রবন্ধের মূল শক্তি হলো তাত্ত্বিক জটিলতা এড়িয়ে সরাসরি বাস্তবতার দিকে তাকানো এবং চেনা ধারণার ভেতরের স্ববিরোধগুলোকে চিহ্নিত করা।নিচে মোরাভিয়ার প্রবন্ধ ও সমালোচনামূলক লেখার প্রধান ধারাগুলো তুলে ধরা হলো:
| প্রবন্ধ ও সমালোচনার ধারা | মূল বিষয় ও দৃষ্টিভঙ্গি | সাহিত্যিক ও সাংস্কৃতিক তাৎপর্য |
| সাহিত্য, গদ্য ও শৈলীবিষয়ক প্রবন্ধ | উপন্যাসের কাঠামো, দার্শনিকতার সীমা, ভাষার সংকট ও উপভাষার ভূমিকা | দেখায় যে মোরাভিয়া উপন্যাসকে তত্ত্বের বাহক নয়, বরং জীবন্ত রূপকল্পের ক্ষেত্র মনে করতেন এবং বদলে যাওয়া সমাজে মুখের ভাষার শক্তি বুঝতে চাইতেন। |
| সমাজ, বুর্জোয়া শ্রেণি ও যৌনতা | বুর্জোয়া নৈতিকতার ভণ্ডামি, পরিবার, ক্ষমতা ও কামনার মনস্তত্ত্ব | যৌনতা ও অর্থকে মানুষের সম্পর্ক ও সামাজিক কাঠামোর আয়না হিসেবে বিশ্লেষণ করে প্রচলিত রক্ষণশীলতার মুখোশ উন্মোচন করতেন। |
| রাজনীতি, ফ্যাসিবাদ ও ইতিহাস | ফ্যাসিবাদের উত্থান, যুদ্ধোত্তর বাস্তবতা, কমিউনিজম ও পারমাণবিক নিরস্ত্রীকরণ | কোনো দলীয় বা আদর্শিক বদ্ধমূলতায় না আটকে ক্ষমতা ও নৈতিক দায়বদ্ধতার প্রশ্নে স্বাধীন সমালোচক হিসেবে অবস্থান তৈরি করেন। |
| ভ্রমণ ও দেশ-বিদেশের পর্যবেক্ষণ | ইয়েমেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমাজ ও প্রকৃতি | ভ্রমণকে কেবল স্থান বদল নয়, বরং সময়ের স্তর ও মানুষের আদিম বা আধুনিক বাস্তবতা বোঝার মাধ্যম হিসেবে উপস্থাপন করেছেন। |
| শিল্প, থিয়েটার ও সমসাময়িক সংস্কৃতি | চিত্রকলা, অ্যাভান্ট-গার্ড থিয়েটার, চলচ্চিত্র এবং মোরান্তে ও পাজোলিনির মতো ব্যক্তিত্ব | দৃশ্যকলা ও নাট্যচর্চার মধ্য দিয়ে সমকালীন সংস্কৃতির আত্মসন্তুষ্টি ভেঙে নতুন চিন্তার পথ খুঁজেছেন মোরাভিয়া। |
চলচ্চিত্রের পর্দায় মোরাভিয়া: তিনটি প্রধান তুলনা
মোরাভিয়ার উপন্যাসগুলোর মনস্তাত্ত্বিক গভীরতা ও সামাজিক সমালোচনা বিশ্বচলচ্চিত্রের একাধিক দিকপাল নির্মাতাকে আকর্ষণ করেছে। মাধ্যমের পার্থক্যের কারণে যখন কোনো উপন্যাস চলচ্চিত্রে রূপান্তরিত হয়, তখন তা কেবল শব্দ থেকে দৃশ্যে অনুবাদ নয়— বরং নতুন দৃশ্যভাষা ও দৃষ্টিভঙ্গির পুনর্গঠন। নিচে তিনটি প্রধান চলচ্চিত্ররূপের সঙ্গে মূল উপন্যাসের তুলনা তুলে ধরা হলো:
‘লা চিওচিয়ারা’ উপন্যাস বনাম ভিক্টোরিও ডি সিকার Two Women (১৯৬০)
• বর্ণনার কণ্ঠস্বর ও মেজাজ: ১৯৫৭ সালের উপন্যাসে গল্পটি চেজিরার প্রথম পুরুষের স্মৃতি ও আত্মবিশ্লেষণমূলক জবানবন্দিতে লেখা, যেখানে মোরাভিয়ার গদ্যের নির্মোহ, সংযত ও বিশ্লেষণাত্মক তীক্ষ্ণতা কাজ করেছে। বিপরীতে, ডি সিকার চলচ্চিত্রে কাহিনিটি দৃশ্য, সংলাপ ও পরিবেশের তাৎক্ষণিক নাট্যরূপে রূপান্তরিত হয়েছে।
• চরিত্র ও আবেগের তীব্রতা: উপন্যাসে চেজিরা কিছুটা খসখসে, জাগতিক হিসাবনিকাশ জানা বাস্তববাদী চরিত্র, আর রোসেতার সারল্য ভেঙে যাওয়ার প্রক্রিয়াটি ধীর ও মনস্তাত্ত্বিক স্তরে বিশ্লেষিত হয়। ছবিতে সোফিয়া লরেনের অভিনয়ে চেজিরা আরও তেজস্বী, আবেগপ্রবণ ও মাতৃত্বের মর্মবেদনায় তীব্র হয়ে ওঠেন; রোসেতার ট্র্যাজেডিও যুদ্ধের আকস্মিক সহিংসতার সরাসরি অভিঘাতে রূপ নেয়।
• রূপক ও মানবিক আবেদন: উপন্যাসে যুদ্ধের সহিংসতা ও ধর্ষণ যুদ্ধবিধ্বস্ত ইতালির প্রতীক ও রূপক হিসেবে পাঠ করা যায়, আর ডি সিকার ছবিতে নিওরিয়ালিস্ট মানবিকতা ও মা-মেয়ের আবেগ দর্শকের হৃদয়ে সরাসরি নাড়া দেয়।
‘ইল কনফরমিস্তা’ উপন্যাস বনাম বার্নার্দো বার্তোলুচ্চির The Conformist (১৯৭০)
• কাহিনির কাঠামো ও সময়: ১৯৫১ সালের উপন্যাসে মার্সেলো ক্লেরিচির জীবন মূলত কালানুক্রমিকভাবে এগিয়ে চলে—শৈশবের ট্রমা থেকে ফ্যাসিবাদী গুপ্তচর হয়ে ওঠা ও কোয়াদ্রিকে হত্যার অভিযান পর্যন্ত। বার্তোলুচ্চি ১৯৭০ সালের ছবিতে সরলরৈখিক সময় ভেঙে ফ্ল্যাশব্যাক ও খণ্ডিত কাঠামোর মাধ্যমে মার্সেলোর অভ্যন্তরীণ অস্থিরতা ও আত্মপ্রতারণাকে আরও তীব্র করে তোলেন।
• মনস্তত্ত্ব বনাম দৃশ্যমান প্রতীকবাদ: উপন্যাসে মার্সেলোর ভেতরের যুক্তি, ভয় ও ‘স্বাভাবিক’ হওয়ার আকাঙ্ক্ষা বিশ্লেষণাত্মকভাবে উন্মোচিত হয়। চলচ্চিত্রে ভিক্টোরিও স্তোরারোর আলো-ছায়ার বৈপরীত্য, ফ্যাসিবাদী স্থাপত্যের বিশালতা, ক্যামেরার কৌণিক ফ্রেমিং এবং প্লেটোর ‘গুহার রূপক’-এর দৃশ্যায়ন সেই মানসিক সংকটকে দৃশ্যকাব্যে রূপ দেয়।
• সমাপ্তির অর্থ: উপন্যাসের শেষে কোয়াদ্রিকে হত্যার পর মার্সেলো জানতে পারে কোয়াদ্রিও তার মতোই সমকামী— যাকে সে ‘অস্বাভাবিক’ ভেবে ধ্বংস করেছে, সে আসলে তারই প্রতিচ্ছবি; আর ইতিহাসের চক্রে মার্সেলোর পরিণতি নির্মমভাবে ফুটে ওঠে। বার্তোলুচ্চি সমাপ্তিতে শৈশবের চালকের বেঁচে থাকার বাস্তবতা ও ফ্যাসিবাদের পতনের রাতে মার্সেলোর আত্ম-উন্মোচনকে প্রতীকী দৃশ্যে আরও নাটকীয় করে তোলেন।
‘ইল দিসপ্রেজ্জো’ উপন্যাস বনাম জঁ-লুক গদারের Contempt (১৯৬৩)
• মূল দ্বন্দ্ব: ১৯৫৪ সালের উপন্যাসে চিত্রনাট্যকার রিকার্দো মোলতেনি ও স্ত্রী এমিলিয়ার সম্পর্কের ভাঙনের কেন্দ্রে রয়েছে রিকার্দোর শৈল্পিক ও নৈতিক আপসের কারণে জন্ম নেওয়া স্ত্রীর নীরব ‘অবজ্ঞা’। গদার ১৯৬৩ সালের ছবিতে পল জাভাল ও ক্যামিলের দাম্পত্য ফাটলের সমান্তরালে সিনেমা নিজেই কী—শিল্পের মর্যাদা, বাণিজ্যিক চাপ ও নির্মাণের সংকট— সেই প্রশ্নকে প্রধান করে তোলেন।
• ‘ওডিসি’-র ব্যবহার: উপন্যাসে হোমারের ওডিসি রিকার্দো ও পরিচালকের দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং দাম্পত্য মনস্তত্ত্বের রূপক হিসেবে আসে। গদারের ছবিতে ফ্রিৎস ল্যাংয়ের ওডিসি শুটিংয়ের মধ্য দিয়ে ধ্রুপদী শিল্প, আধুনিক বাণিজ্যিকতা ও মানুষের বিচ্ছিন্নতা এক আত্মসচেতন সংলাপে রূপ নেয়।
• শৈলী ও সমাপ্তি: উপন্যাসে রিকার্দোর প্রথম পুরুষের আত্মবিশ্লেষণ ও এমিলিয়ার আকস্মিক মৃত্যুতে এক অমীমাংসিত নীরবতা থেকে যায়; আর গদারের ছবিতে দীর্ঘ শট, উজ্জ্বল রঙের প্রতীকবাদ এবং শেষ দৃশ্যের সমুদ্র ও শুটিং-প্রক্রিয়া সম্পর্কের ভাঙন পেরিয়ে শিল্প ও দৃষ্টির অনুসন্ধানকেই সামনে নিয়ে আসে।
| তুলনার দিক | লা চিওচিয়ারা (Two Women, ১৯৬০) | ইল কনফরমিস্তা (The Conformist, ১৯৭০) | ইল দিসপ্রেজ্জো (Contempt, ১৯৬৩) |
| পরিচালক | ভিক্টোরিও ডে সিকা | বার্নার্দো বার্তোলুচ্চি | জঁ-লুক গদার |
| উপন্যাস থেকে রূপান্তরের ধরন | নিওরিয়ালিস্ট ও মানবিক নাট্যরূপ | অ-রৈখিক সময় ও দৃশ্যমান প্রতীকবাদে পুনর্গঠন | দাম্পত্য নাটক থেকে মেটা-সিনেমা ও শিল্প-সংকটে রূপান্তর
|
| কেন্দ্রীয় সুর | যুদ্ধের সহিংসতা, মাতৃত্ব ও করুণা | ‘স্বাভাবিকতা’-র আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদ ও আত্মপ্রতারণা | দাম্পত্য অবজ্ঞা, বিচ্ছিন্নতা ও শিল্পের সংকট |
ভাষা, ভ্রমণ ও বিশ্বসাহিত্যের সংলাপ
মোরাভিয়ার গদ্য ও চিন্তার জগতে ভাষা, ভ্রমণ এবং সাহিত্যিক পরম্পরার সংলাপ এক বিশেষ মাত্রা যোগ করে। যুদ্ধোত্তর সময়ে সমাজ ও বাস্তবতার রূপান্তরের সঙ্গে তাল মেলাতে গিয়ে তিনি অনেক সময় শিক্ষিত বা প্রচলিত আনুষ্ঠানিক ভাষার সীমাবদ্ধতার কথা বলেছেন এবং সাধারণ মানুষের মুখের বুলি ও আঞ্চলিক উপভাষার জীবন্ত শক্তির দিকে তাকিয়েছেন। তার কাছে উপভাষার টিকে থাকা ইতালীয় সংস্কৃতির এক বৈশিষ্ট্য ও স্বাতন্ত্রের প্রকাশ, আবার ভিন্ন ভিন্ন ভাষার প্রতিও ছিল তার গভীর কৌতূহল ও শ্রদ্ধা— যেমন বিভিন্ন ভাষা শেখা বা বিদেশি ভাষার আবহে মানুষের প্রকাশভঙ্গি পর্যবেক্ষণ করা।
ভ্রমণের ক্ষেত্রেও মোরাভিয়ার দৃষ্টি ছিল বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো আধুনিক ও বৃহৎ রাষ্ট্রগুলোকে তিনি দেখেছেন সামাজিক কাঠামো ও আধুনিক সভ্যতার প্রেক্ষাপটে, আর ইয়েমেন, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলগুলো তারকল্পনাকে নাড়া দিয়েছে ভিন্নভাবে। তারমতে, ভ্রমণ শুধু ভৌগোলিক দূরত্ব অতিক্রম করা নয়, বরং সময়ের ভেতর দিয়ে চলা— কোথাও ভবিষ্যতের দিকে, কোথাও আবার শতাব্দীর পর শতাব্দী পেছনের অতীতে, যেখানে রৌপ্যমুদ্রা, মরুভূমির ঐতিহ্য ও আতিথেয়তা অথবা তেল অনুসন্ধানের কঠোর কায়িক শ্রম মানুষের আদিম বাস্তবতাকে সামনে নিয়ে আসে। মস্কো মেট্রোর মতো জনপরিসরে বিভিন্ন জাতির মানুষের পড়ার অভ্যাস ও ভঙ্গি থেকে শুরু করে আফ্রিকার প্রকৃতি ও মানুষের সম্পর্ক পর্যন্ত— সবকিছুই তার পর্যবেক্ষণে উঠে এসেছে এক সতর্ক, তুলনামূলক দৃষ্টিতে।
সাহিত্যের পরম্পরায় দস্তয়েভস্কি, স্তাঁদাল ও ফ্লবেয়ারের মতো লেখকদের সঙ্গে মোরাভিয়ার সম্পর্ক ছিল গভীর ও জটিল। কিশোর বয়সে দস্তয়েভস্কির লেখা পড়ে তার মনে এমন তীব্র অভিঘাত তৈরি হয়েছিল যে মনে হয়েছিল বলার মতো অনেক কথাই যেন আগেই বলা হয়ে গেছে, আর রুশ সমাজ ও ইতিহাসের জটিলতা— ভূমিদাস প্রথা বিলুপ্তির অভিঘাত থেকে শুরু করে Demons বা The Brothers Karamazov-এর অন্তর্দ্বন্দ্ব—তারকল্পনায় দীর্ঘস্থায়ী ছাপ রেখেছে। স্তাঁদালের ক্ষেত্রে তার আকর্ষণ ছিল দ্রুতগতি, কর্মমুখরতা ও ঐতিহাসিক-সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তির আকাঙ্ক্ষার রূপায়ণে; এমনকি নিজের লেখায় কখনো স্তাঁদালের শৈলীর ছাপ বা মিশ্রণও তিনি পরীক্ষা করেছেন। আর ফ্লবেয়ারের L'Éducation sentimentale প্রসঙ্গে তিনি ইঙ্গিত করেছেন যে মানুষ কীভাবে আবেগ দিয়েই গড়ে ওঠে এবং সম্পর্ক ও অভিজ্ঞতার ভেতর দিয়ে জীবনের পাঠ নেয়।
রাজনৈতিক জীবন: ফ্যাসিবাদবিরোধী থেকে ইউরোপীয় সংসদ সদস্য
মোরাভিয়ার রাজনৈতিক অবস্থান কখনোই সরলরৈখিক ছিল না। ফ্যাসিবাদী শাসনামলে তার নাম ফ্যাসিবাদবিরোধী ‘বিদ্রোহী বা শাসনবিরোধী’ (subversives)-দের তালিকায় ছিল; তিনি ও এলসা মোরান্তে রোম থেকে পালিয়ে ফোন্দি অঞ্চলের পাহাড়ে আশ্রয় নেন—এই অভিজ্ঞতাই পরবর্তীতে ‘দুই নারী’-এর মূল উপাদান হয়ে উঠেছিল। যুদ্ধোত্তর সময়ে তিনি ইতালীয় কমিউনিস্ট পার্টির প্রতি সহানুভূতিশীল ছিলেন, কিন্তু ১৯৫৬ সালে হাঙ্গেরিতে সোভিয়েত দমন-নিপীড়নের পর তিনি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ১৯৮৪ সালে তিনি ইতালীয় কমিউনিস্ট পার্টির তালিকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউরোপীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক অঙ্গীকারের কেন্দ্রে ছিল পারমাণবিক নিরস্ত্রীকরণ। মোরাভিয়ার রাজনৈতিক জীবন তাই তার সাহিত্যিক জীবনের অবিচ্ছেদ্য অংশ: উভয় ক্ষেত্রেই তিনি ক্ষমতার কাঠামো, মানুষের অস্তিত্বের হুমকি এবং নৈতিক দায়বদ্ধতার প্রশ্নে একই রকম সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন।
এই রাজনৈতিক সচেতনতার ভেতরেই ছিল যুদ্ধ, স্বৈরশাসনের প্রবণতা এবং আধুনিক প্রযুক্তির দ্বৈত রূপ নিয়ে তার সতর্কতা। একদিকে রাষ্ট্রীয় ক্ষমতা ও আদর্শ কীভাবে জনমত ও শিশুদের মানসিকতাকেও প্রভাবিত করতে পারে, অন্যদিকে আধুনিক বিশ্বের অস্ত্রবাণিজ্য ও প্রযুক্তিগত অগ্রগতির জটিল সমীকরণ কীভাবে মানবজীবনকে প্রভাবিত করে— এসব বিষয়ে তার পর্যবেক্ষণ ছিল নির্মোহ ও বিশ্লেষণাত্মক।
থিয়েটার, বন্ধুত্ব ও সহকর্মীদের জগৎ
১৯৬৬ সালে দাচিয়া মারাইনি ও এনজো সিচিলিয়ানোর সঙ্গে মোরাভিয়া প্রতিষ্ঠা করেন ‘কোম্পানিয়া দেল পোর্কোস্পিনো’ (Compagnia del Porcospino)। এই থিয়েটারটি রোমের আভা-গার্দ নাট্যচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল—এটি ‘বিচ্ছিন্নতা ও ভাঙনের থিয়েটার’, যা তৎকালীন জেসচারাল ও পরিচালক-কেন্দ্রিক থিয়েটারের বিপরীতে অবস্থান নিয়েছিল। দলের নামের তাৎপর্য সম্পর্কে মোরাভিয়া বলেছিলেন, ‘কারণ সজারু দংশন করে, কিন্তু ব্যথা দেয় না’ (perché il porcospino punge, ma non fa male)। কিন্তু আর্থিক সমস্যার কারণে ১৯৬৮ সালে এই অভিজ্ঞতার বহর আর চালিয়ে নেওয়া যায়নি। থিয়েটার মোরাভিয়ার কাছে কেবল একটি পৃথক শিল্পমাধ্যম ছিল না; এটি ছিল তার সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটি সম্প্রসারণ— একটি ‘ছোবল’ মাধ্যম, যার মাধ্যমে তিনি বুর্জোয়া নাট্যপরম্পরার বিরুদ্ধে অবস্থান নিতে চেয়েছিলেন।
মোরাভিয়ার ব্যক্তিগত ও সাহিত্যিক জগতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমসাময়িক লেখক ও বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক। এলসা মোরান্তের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের স্মৃতিতে যেমন ছিল তীব্র ব্যক্তিত্বের সংঘাত ও মানসিক টানাপোড়েন, তেমনি ছিল গভীর ভালোবাসা ও একসঙ্গে পথচলার বাস্তবতা। আবার পিয়ের পাওলো পাজোলিনির কথা বলতে গিয়ে মোরাভিয়া তুলে ধরেছেন এক বিরল সাহস ও সত্যনিষ্ঠার ছবি— যেখানে পাজোলিনির ‘ভিন্নতা’ ছিল প্রচলিত ধারার বাইরে গিয়ে বাস্তবের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে নিজের বিশ্বাস ও সত্যকে প্রকাশ করার সাহস, আর তার অকাল ও মর্মান্তিক মৃত্যু ছিল এক গভীর বুদ্ধিবৃত্তিক ও মানবিক ক্ষতি।
বাংলা ভাষায় মোরাভিয়া: সীমিত উপস্থিতি ও তার কারণ
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পাঠকমহলে মোরাভিয়া তেমন পরিচিত নন। তার রচনা ‘যৌনতার অভিযোগে’ ইতালিতে নিষিদ্ধ ছিল এবং পশ্চিমা রক্ষণশীল সমালোচকেরা ‘যৌনতা’ শব্দটি তার নামের সঙ্গে ‘বেশ ভালোভাবে সেঁটে দিয়েছেন’; এই বিতর্কের ছায়ায় বাংলা অনুবাদকেরা তার রচনাগুলো ব্যাপকভাবে ভাষান্তরের ক্ষেত্রে মুখ ফিরিয়েছেন। ফলে যে মোরাভিয়া বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছেন, বাংলায় তিনি সেই তুলনায় প্রায় অনুপস্থিত। তবুও কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ রয়েছে। ওয়াহিদ কায়সারের অনুবাদে ‘ফুলের বয়স’ নামে একটি সংকলন প্রকাশিত হয়েছে; ‘বাংলা ট্রিবিউন’-এ তার অনুবাদে মোরাভিয়ার আত্মপরিচয়মূলক রচনা ‘চাঁদের আরেকটা দিক’ প্রকাশিত হয়েছে, যেখানে মোরাভিয়া নিজের দ্বিমুখী প্রকৃতির কথা বলেছেন। দিলওয়ার হাসানের অনুবাদে ‘টু উইমেন’ (দুই নারী) সংহতি প্রকাশন থেকে বেরিয়েছে। রায়হান রাইন ‘অলঙ্কার’ নামে একটি গল্প অনুবাদ করেছেন। ‘রোমের রমণী’-রও বাংলা অনুবাদ পাওয়া যায়। তবে সামগ্রিকভাবে বাংলা ভাষার গণমাধ্যমে মোরাভিয়া সম্পর্কে আলোচনা প্রায়শই তার বিতর্কিত জীবনী এবং ‘যৌনতা’-র অভিযোগে সীমাবদ্ধ; ‘উদাসীনদের সময়’, ‘অনুরূপী’, ‘শূন্য ক্যানভাস’ বা ‘রোমান টেলস’-এর সাহিত্যিক গুরুত্ব নিয়ে গভীর আলোচনা বিরল, প্রায় নাই বললেই চলে। এই সংকীর্ণতা কাটিয়ে উঠলে বাংলা ভাষার পাঠক ইউরোপীয় অস্তিত্ববাদী উপন্যাসের একটি মৌলিক ধারার সঙ্গে পরিচিত হতে পারবেন।
আলবার্তো মোরাভিয়া এমন একজন লেখক, যার সঙ্গে বাংলা ভাষার পাঠকের সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। তার রচনা ইতালীয় সমাজের একটি নির্দিষ্ট ঐতিহাসিক মুহূর্তের দলিল নয়; বরং মানব অস্তিত্বের চিরন্তন প্রশ্ন— আমরা কেন বিচ্ছিন্ন, কীভাবে আমরা অন্যদের সঙ্গে প্রকৃত সংযোগ স্থাপন করতে পারি, এবং যখন সেই সংযোগ ব্যর্থ হয়, তখন আমরা কোন ভাষায় নিজেদের বোঝাতে চেষ্টা করি— এর এক নিরন্তর অন্বেষণ। ‘উদাসীনদের সময়’-এর নৈতিক শূন্যতা, ‘অনুরূপী’-র ফ্যাসিবাদী মনস্তত্ত্ব, ‘শূন্য ক্যানভাস’-এর একঘেয়েমির দর্শন, ‘দুই নারী’-র যুদ্ধকালীন সহানুভূতি এবং ‘রোমান টেলস’-এর সাধারণ মানুষের জীবন— এই সবকিছু মিলেই মোরাভিয়ার সাহিত্যের ভূখণ্ড। তিনি একই সঙ্গে বুর্জোয়া সমাজের নির্মম সমালোচক এবং প্রান্তিক মানুষের প্রতি গভীর সহানুভূতিশীল; একই সঙ্গে অস্তিত্বের শূন্যতার দার্শনিক এবং যৌনতা ও অর্থের বাস্তবতায় জীবনের অর্থ খোঁজা একজন বাস্তববাদী। মোরাভিয়ার ‘চাঁদের আরেকটা দিক’-এর মতো, বাংলা অনুবাদেও তার আরেকটা দিক— কেবল বিতর্কের মোড়ক ছাড়া, একজন পূর্ণাঙ্গ সাহিত্যিক হিসেবে তার আবির্ভাব—এখনো অপেক্ষায় আছে, আবিষ্কারের।
রেফারেন্স ও গ্রন্থপঞ্জি
১. আলবার্তো মোরাভিয়ার নির্বাচিত রচনা
• Moravia, Alberto. Gli indifferenti. Milano: Alpes, 1929 (পরবর্তীকালে Bompiani সংস্করণ)।
২. চলচ্চিত্ররূপসমূহ
• De Sica, Vittorio (পরিচালক). Two Women (La ciociara). ১৯৬০। (অভিনয়ে: Sophia Loren, Eleonora Brown, Jean-Paul Belmondo)।
• Godard, Jean-Luc (পরিচালক). Contempt (Le mépris). ১৯৬৩। (অভিনয়ে: Brigitte Bardot, Michel Piccoli, Jack Palance, Fritz Lang)।
• Maselli, Francesco (পরিচালক). Time of Indifference (Gli indifferenti). ১৯৬৪।
• Bertolucci, Bernardo (পরিচালক). The Conformist (Il conformista). ১৯৭০। (অভিনয়ে: Jean-Louis Trintignant, Stefania Sandrelli, Dominique Sanda)।
৩. প্রাসঙ্গিক জীবনী, সমালোচনা ও ভাষান্তর সূত্র
• Bompiani প্রকাশনা সংস্থা — আলবার্তো মোরাভিয়ার জীবন ও রচনাবলির প্রকাশনাগত তথ্য: https://www.bompiani.it/catalogo/il-conformista-9788830138582 এবং Nuovi racconti romani সংক্রান্ত গ্রন্থপঞ্জি: https://books.google.com/books/about/Nuovi_racconti_romani.html?id=rxIEDj4LXQoC
• Contempt (Le mépris) চলচ্চিত্র ও রচনাগত তথ্যসূত্র: https://en.wikipedia.org/wiki/Contempt_(film)
• আলবার্তো মোরাভিয়ার জীবনী, ইউরোপীয় সংসদ ও Il porcospino নাট্যদলের তথ্যসূত্র: https://it.wikipedia.org/wiki/Alberto_Moravia এবং https://en.wikipedia.org/wiki/Alberto_Moravia
• বাংলা ভাষায় মোরাভিয়ার অনূদিত রচনা ও প্রবন্ধের উল্লেখ: ওয়াহিদ কায়সার অনূদিত ফুলের বয়স ও চাঁদের আরেকটা দিক (বাংলা ট্রিবিউন); দিলওয়ার হাসান অনূদিত টু উইমেন (সংহতি প্রকাশন); রায়হান রাইন অনূদিত অলঙ্কার।






















