পুরনো পোশাকে চার্লি এক্সসিএক্সের ফ্যাশন চমক

জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা চার্লি এক্সসিএক্স
ফ্যাশনের দুনিয়ায় ‘থ্রিফটিং’ এখন বেশ জনপ্রিয়। সহজ কথায়, থ্রিফটিং মানে হলো অন্যের ব্যবহৃত বা পুরোনো জিনিস–বিশেষ করে পোশাক–বেশ কম দামে কিনে নিজে ব্যবহার করা। অনেকেই হয়তো ভাবতে পারেন, অন্যের পরা পুরোনো কাপড় আবার কেউ পরে নাকি! কিন্তু এখনকার তরুণদের কাছে এটি শুধু ফ্যাশন ট্রেন্ড নয়, বরং পরিবেশ বাঁচানোরও একটি দারুণ উপায়। নতুন নতুন কাপড় উৎপাদনে পরিবেশের যে ক্ষতি হয়, পুরোনো পোশাক ব্যবহার করলে তা অনেকটাই কমে যায়। তাছাড়া, পুরোনো কাপড়ে এমন সব চমৎকার ও দুর্লভ নকশা পাওয়া যায়, যা নতুন পোশাকে সচরাচর মেলে না। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের নামিদামি তারকারাও পুরোনো পোশাকের প্রেমে মজেছেন। এই তালিকায় অন্যতম বড় নাম জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা চার্লি এক্সসিএক্স।এবার লাস ভেগাসের একটি কনসার্টের কথা ধরা যাক। ঝলমলে এক রাতে দর্শক-ভক্তদের উন্মাদনার মাঝে মঞ্চে উঠলেন চার্লি। তার পরনে ছিল কালো রঙের দারুণ সুন্দর একটি মিনিড্রেস, যার নিচের অংশে স্তরে স্তরে কুঁচি দেওয়া। সাধারণ দর্শকদের চোখে এটি হয়তো লাখ টাকার কোনো নতুন নকশার পোশাক। কিন্তু আসল ঘটনা হলো, পোশাকটি নতুন নয়! কিছুদিন আগে একটি বড় অনুষ্ঠানেও তিনি ঠিক একই পোশাক পরেছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পোশাক তিনি ইন্টারনেট থেকে একজন পুরোনো পোশাক বিক্রেতার কাছ থেকে কিনেছিলেন। আমেরিকান উইমেনস ফ্যাশন ম্যাগাজিন “হারপার’স বাজার” সূত্রে জানা গেছে এ তথ্য।
গত দুই বছরে চার্লি তার ভক্তদের সম্পূর্ণ ভিন্ন স্বাদের তিনটি গানের অ্যালবাম উপহার দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, একই রকমের অ্যালবাম দুবার বানাবেন না। ৩৪ বছর বয়সী এই তারকা গানের ক্ষেত্রে যতটা নতুনত্ব পছন্দ করেন, নিজের পোশাকের স্টাইলে তিনি ততটাই সাধারণ। পুরোনো দিনের পোশাক আর অখ্যাত দোকান থেকে কেনা ব্যবহৃত কাপড়েই স্টাইল স্টেটমেন্ট সম্পন্ন করতে পছন্দ তার।
চার্লি বললেন, ‘প্রতিটি অ্যালবামের জন্য সেজেগুজে একদম নতুন একজন মানুষ হয়ে যাওয়ার বিষয়টা আমাকে টানে না। আগে আমি এমনটা করেছি। নিজেকে একটু অন্যভাবে তুলে ধরেছি। কিন্তু এখন আমার সব গান বাস্তবতার সঙ্গে খুব বেশি জড়িত। অ্যালবামের ধরন বদলালেও এর ভেতরের আসল রূপটা একেবারেই আমার নিজের। আর এই আসল আমাকে তুলে ধরার অন্যতম উপায় হলো আমার পরা পোশাক।’হারপার’স বাজারকে তিনি আরও বলেছেন, ‘ব্যবহৃত পোশাক পরতেই আমার বেশি ভালো লাগে। আমি এমন পোশাক পরি যা আমার আলমারিতে বছরের পর বছর পড়ে আছে এবং যা কখনো হাতছাড়া করব না। স্টুডিওতে গান লেখার সময় আমি যে কাপড়গুলো পরতাম, মঞ্চেও সেগুলোই পরছি।’
এই পুরোনো পোশাক খোঁজার যাত্রায় চার্লির প্রধান সঙ্গী হলেন তার স্টাইলিস্ট ক্রিস হোরান। চার্লির গানের ট্যুরের জন্য তিনি ইন্টারনেটের আনাচকানাচ ঘেঁটে দারুণ সব সেকেন্ড-হ্যান্ড পোশাক খুঁজে বের করেছেন। হোরানের লক্ষ্য ছিল চার্লির নিজের স্টাইলটা ঠিক রেখে পোশাকে একটু নতুনত্ব আনা। এই কাজের জন্য তিনি ‘ভিনটেড’ নামের একটি অ্যাপ ব্যবহার করে নব্বইয়ের দশকের অচেনা ইতালিয়ান ডিজাইনারদের কাজ খুঁজে বের করেছেন। চার্লির স্টাইলে নতুন রূপ দিতে তিনি পুরোনো ছেঁড়া টি-শার্টের সঙ্গে লেদার গ্লাভস পরিয়েছেন, আবার ২০০০-এর দশকের শুরুর দিকের একটি পুরোনো টপসকে বানিয়েছেন চমৎকার একটি ড্রেস।
চার্লি আর হোরানের একসঙ্গে কাজ করার ধরনটাও চমৎকার। হোরান বললেন, ‘চার্লি আমাকে অদ্ভুত সব আইডিয়া নিয়ে আসার প্রচুর স্বাধীনতা দেন। আবার তিনি কী চান–এ সম্পর্কে শুরু থেকেই তার স্পষ্ট ধারণা থাকে।’তবে চার্লির কেনাকাটার ধরন বেশ মজার এবং সময়সাপেক্ষ। নিজেই স্বীকার করলেন, ‘দলবেঁধে শপিং করাটা আমার জন্য খুব কঠিন। অনলাইনে কাপড় খুঁজলে আমি পুরোপুরি তাতে ডুবে থাকি; চাই না কেউ তখন আমার সঙ্গে কথা বলুক। আর সরাসরি দোকানে গেলে ১০০টি কাপড় নিয়ে ট্রায়াল রুমে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিই!’
শিল্পীর এই পুরোনো পোশাকগুলো এবার সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী ১৬ নভেম্বর ‘ভিনটেড’ প্ল্যাটফর্মে চার্লি ও হোরান মিলে একটি বিশেষ বিক্রির আয়োজন করছেন। সেখানে বিক্রি হবে চার্লির ট্যুরে পরা এই পুরোনো পোশাক ও দারুণ সব সেকেন্ড-হ্যান্ড কালেকশন।






