মহাকাশের খালি জায়গা থেকে রহস্যজনক সংকেত, উৎস জানে না কেউ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা অনন্ত মহাকাশের একটি ছবি।
মহাকাশের এমন একটি অঞ্চল, যেখানে বহু বছর ধরে পর্যবেক্ষণ চালিয়েও কোনো দৃশ্যমান বস্তুর সন্ধান পাওয়া যায়নি, সেখান থেকেই রহস্যময় এক সংকেত শনাক্ত করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। প্রায় তিন মাসের ব্যবধানে দুবার সংকেতটি ধরা পড়েছে। কিন্তু এর উৎস কী, তা এখনো নিশ্চিত করতে পারেননি বিজ্ঞানীরা।
সংকেতটির অবস্থান দক্ষিণ আকাশের ফর্নাক্স নক্ষত্রমণ্ডলে, হাবল আল্ট্রা ডিপ ফিল্ড নামে পরিচিত মহাকাশের একটি ক্ষুদ্র অঞ্চলে। হাবল স্পেস টেলিস্কোপ এই অঞ্চল পর্যবেক্ষণে ২৭০ ঘণ্টারও বেশি সময় ব্যয় করেছিল। সেই পর্যবেক্ষণে প্রায় ১০ হাজার ছায়াপথের সন্ধান পাওয়া যায়। পরে জেমস ওয়েব টেলিস্কোপ আরও সংবেদনশীল অবলোহিত যন্ত্র দিয়ে একই অঞ্চল পর্যবেক্ষণ শুরু করে।
মিনেসোটা ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিজ্ঞানী মেসন হুবার্টির নেতৃত্বে গবেষকেরা জেমস ওয়েবের নিয়ার-ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে অজানা সংকেতটি শনাক্ত করেন। সাধারণত জ্যোতির্বিজ্ঞানীরা আগে থেকে পরিচিত মহাজাগতিক বস্তুকে লক্ষ্য করে পর্যবেক্ষণ চালান। কিন্তু এবার গবেষকেরা ভিন্ন পদ্ধতি গ্রহণ করেন। তারা যন্ত্রটির প্রায় সব ক্ষুদ্র শাটার খুলে রেখে সংগৃহীত আলোর বর্ণালি বিশ্লেষণ করেন, যাতে আগে থেকে অজানা উৎস থেকেও সংকেত পাওয়া সম্ভব হয়।
২০২৩ সালের আগস্ট ও নভেম্বরে ৮৮ দিনের ব্যবধানে দুই দফা পর্যবেক্ষণ চালানো হয়। দুই দফায় পর্যবেক্ষণের দিকও আলাদা ছিল, যাতে যন্ত্রের ত্রুটি বা কৃত্রিম সংকেতকে প্রকৃত মহাজাগতিক ঘটনা বলে ভুল করার আশঙ্কা কমানো যায়। গবেষকেরা ছয়টি সংকেতকে আগে থেকে পরিচিত দূরবর্তী ছায়াপথের সঙ্গে মেলাতে সক্ষম হন। কিন্তু সপ্তম সংকেতটি তাদের ভাবিয়ে তোলে।
রহস্যময় সংকেতটি প্রায় ১ দশমিক ৬ মাইক্রোমিটার তরঙ্গদৈর্ঘ্যে শনাক্ত হয়েছে। এটি একটি উজ্জ্বল নির্গমন রেখা, কিন্তু এর সঙ্গে অন্য কোনো নির্গমন রেখা পাওয়া যায়নি। আরও অদ্ভুত বিষয় হলো, হাবল ও জেমস ওয়েবের আগের পর্যবেক্ষণেও ওই স্থানে কোনো দৃশ্যমান উৎস শনাক্ত হয়নি। সংকেতটি দুই দফার পর্যবেক্ষণেই পাওয়া গেছে এবং চারটি সম্মিলিত এক্সপোজারেও এর উপস্থিতি ছিল সামঞ্জস্যপূর্ণ। ফলে একে নিছক যন্ত্রের ত্রুটি বলে উড়িয়ে দেওয়া কঠিন।
গবেষকদের মতে, সংকেতটি এতটাই উজ্জ্বল ছিল যে ২০২২ সালের অক্টোবরে পরিচালিত জেডেস জরিপের সময় এটি উপস্থিত থাকলে শনাক্ত হওয়ার কথা। কিন্তু সে সময় এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে, সংকেতটি হয়তো সাময়িকভাবে উজ্জ্বল হয়ে উঠেছিল। তবে কোনো কিছুই এখনো নিশ্চিত নয়।
এ সংক্রান্ত গবেষণাপত্রটি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।



