গ্রাহকসেবার মানোন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ ‘পথে পথে’

গ্রাহকসেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও গুরুত্ব দিতে ‘পথে পথে’ নামে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি গ্রামীণফোন। এ উদ্যোগের অংশ হিসেবে গত ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির সব কর্মী সারা দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তাদের আরও কাছাকাছি যাওয়া, অভিজ্ঞতা শোনা এবং সময়ের সঙ্গে পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তারা কোম্পানিটির বিভিন্ন প্রযুক্তি পণ্য ও টেলকো সেবা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেবা গ্রহণের ক্ষেত্রে তারা কী ধরনের সুবিধা প্রত্যাশা করেন এবং কোথায় উন্নতির সুযোগ রয়েছে—এসব বিষয়ে সরাসরি মতামত সংগ্রহ করেন কর্মীরা।
গ্রাহকদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে সেবাগুলোকে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে গ্রামীণফোন। তাদের দৃষ্টিকোণ থেকে বাজার ও সেবার অভিজ্ঞতা বোঝা এবং সেই অভিজ্ঞতাকে নিজ নিজ কাজের ক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক মানসিকতা আরও জোরদার করতে চায় গ্রামীণফোন।
এ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, "গ্রামীণফোনের প্রতিটি উদ্যোগের কেন্দ্রেই রয়েছেন গ্রাহকেরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সব কর্মী গ্রাহকদের আরও কাছাকাছি আসা, তাদের কথা শোনা এবং সরাসরি অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন। সরাসরি যোগাযোগের মাধ্যমে গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সেবাগুলো মূল্যায়ন করা, কোথায় উন্নতির সুযোগ রয়েছে তা চিহ্নিত করা এবং সেবাকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তোলা সম্ভব। একজন ভালো সেবাদাতা হওয়ার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া। গ্রাহকদের সঙ্গে প্রতিটি যোগাযোগে এ অঙ্গীকারের প্রতিফলন থাকা প্রয়োজন।"
গ্রাহকদের জন্য আরও সহজ, প্রাসঙ্গিক ও অর্থবহ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিয়মিত শেখা এবং গ্রাহকদের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে গ্রামীণফোন। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সব পর্যায়ের কর্মীদের সরাসরি গ্রাহকদের সঙ্গে যুক্ত করার পাশাপাশি গ্রাহককেন্দ্রিক কর্মসংস্কৃতি আরও শক্তিশালী করার প্রচেষ্টা তুলে ধরা হয়েছে।



