ওপেনএআইর আইপিওতে ‘না’

নিরাপত্তা ও মানব বিলুপ্তির ঝুঁকির আশঙ্কায় চলতি বছর পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর বা আইপিও আনছে না কৃত্রিম বুদ্ধিমত্তা জায়ান্ট ওপেনএআই। সম্প্রতি প্রকাশিত ফিউচার ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এ কথা জানালেন।
এআই প্রযুক্তির কারণে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ার মতো যেকোনো শতাংশের ঝুঁকিও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মহল এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের গবেষকদের কঠোর সতর্কবার্তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অল্টম্যান জানালেন, মুনাফা বা করপোরেট অহমিকার চেয়ে সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া জরুরি। ২০২৬ সালকে আইপিও চালুর সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেছেন, মডেলের নিরাপত্তা ও সামঞ্জস্য নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। ঝুঁকি মোকাবিলায় শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যৌথ সমঝোতা চুক্তির সম্ভাবনাও রয়েছে।
বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের নিজস্ব আইপিও পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।



