কিউসিওয়াইয়ের পণ্যে ওয়ারেন্টি ১৮ মাস

বাংলাদেশে জনপ্রিয় প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াই-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব
দেশের বাজারে জনপ্রিয় প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সঙ্গে বাংলাদেশে ব্র্যান্ডটির পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করার ঘোষণা দিয়েছে এর পরিবেশক প্রতিষ্ঠান আইটেক স্মার্ট লিমিটেড।
মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পাওয়ারিং দ্য নেক্সট ওয়েভ’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে তৌসিফ মাহবুবের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তি করে আইটেক স্মার্ট লিমিটেড।
অনুষ্ঠানে কিউসিওয়াই ও আইটেক স্মার্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের রিসেলার, ডিলার, প্রযুক্তিবিষয়ক সাংবাদিক, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।
আইটেক স্মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ মাহাদি জানান, বাংলাদেশে কিউসিওয়াইয়ের প্রতি গ্রাহকদের আস্থা ও আগ্রহ বাড়ছে। ওয়ারেন্টির মেয়াদ ১৮ মাস করার মাধ্যমে গ্রাহকদের আরও নিশ্চিন্ত ব্যবহারের অভিজ্ঞতা দিতে চান তারা।
তিনি বলেন, ‘একটি ব্র্যান্ড তখনই প্রায় দেড় বছরের ওয়ারেন্টি দেয়, যখন তারা নিজেদের পণ্যের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী থাকে।’ প্রতিষ্ঠানটি শুধু আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে বাজারজাত করতেই নয়, দেশেই কারখানা স্থাপনের জন্য কাজ করছে। ভবিষ্যতে সেখানে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য উৎপাদনের পরিকল্পনাও রয়েছে বলে জানান সালেহ আহমেদ মাহাদি।
অনুষ্ঠানে কিউসিওয়াইয়ের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। প্রদর্শনীর মধ্যে ছিল মেলোবাডস ও ক্রসকি সিরিজের ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক এবং স্মার্টওয়াচ। দর্শনার্থীরা পণ্যগুলো সরাসরি দেখার পাশাপাশি ব্যবহার করে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।
কিউসিওয়াই চীনের ডংগুয়ান হেলে ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের একটি কনজিউমার ইলেকট্রনিকস ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি মূলত ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোন ও বিভিন্ন অডিও সরঞ্জাম তৈরি করে। পাশাপাশি পাওয়ার ব্যাংক, চার্জার ও স্মার্টওয়াচও বাজারজাত করে।
বাংলাদেশে কিউসিওয়াইয়ের অফিসিয়াল পরিবেশক আইটেক স্মার্ট লিমিটেড। কিউসিওয়াই ছাড়াও প্রতিষ্ঠানটি আওয়েই, ম্যাকডোডো, উলানজি, কলমি, জিব্লেজ ও সাউন্ডপিটসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড নিয়ে কাজ করছে।



