নিজস্ব প্রসেসরে জোর দিচ্ছে শাওমি

স্মার্টফোনের যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করা এবং বহিরাগত চিপ প্রস্তুতকারকদের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব প্রযুক্তির নতুন হ্যান্ডসেট প্রসেসর ‘রিং ও৩’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি। প্রতিদ্বন্দ্বী অ্যাপল, স্যামসাং ও হুয়াওয়ের মতো নিজেদের চিপ তৈরির ধারাবাহিকতায় এটি তাদের নতুন পদক্ষেপ।
বিশ্বখ্যাত চিপ নির্মাতা টিএসএমসির ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে নতুন এই প্রসেসর তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শাওমির আসন্ন ফ্ল্যাগশিপ ফোল্ডিং ফোনে এই চিপ ব্যবহার করা হবে। এর ফলে প্রিমিয়াম ফোল্ডেবল ফোনের বাজারে হুয়াওয়ের সঙ্গে তাদের প্রতিযোগিতা আরও তীব্র হবে।
পাশাপাশি শাওমি কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় চালনা ব্যবস্থার জন্য আরও দুটি চিপ— রিং ও১০০ এবং রিং ডি১০০ তৈরির কাজ সম্পন্ন করেছে। ইন-হাউজ চিপ গবেষণায় এখন পর্যন্ত অন্তত দুই হাজার কোটি ইউয়ান বিনিয়োগ করেছে কোম্পানিটি। নিজস্ব চিপ প্রযুক্তির হাত ধরে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছে শাওমি। সূত্র: রয়টার্স






