রবির ফোরজি সাইট ২০ হাজার ছাড়াল, নেটওয়ার্কের আওতায় ৯৯ শতাংশ মানুষ

দেশজুড়ে ফোরজি নেটওয়ার্ক সাইটের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে দেশের মোট জনসংখ্যার ৯৯ শতাংশ এখন তাদের ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে কেক কেটে এ মাইলফলক উদ্যাপন করে রবি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক এবং রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা উপস্থিত ছিলেন। এ সময় বিটিআরসি ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রবির তথ্য অনুযায়ী, নতুন নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে আধা-শহর, গ্রামীণ জনপদ, পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকাতেও ফোরজি সংযোগ পৌঁছেছে। এতে এসব এলাকার মানুষ শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, আর্থিক লেনদেন ও বিনোদনের জন্য দ্রুতগতির মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ক্রমবর্ধমান ডেটা ব্যবহারের চাহিদা সামাল দিতে নেটওয়ার্ক আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং ইন্টারনেটের গতি উন্নয়নেও বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল বৈষম্য কমানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে রবি। এর ফলে শিক্ষার্থী, উদ্যোক্তা, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ পরিবারগুলো অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন এবং মোবাইল আর্থিক সেবাসহ বিভিন্ন ডিজিটাল সুবিধা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ বলেন, "২০ হাজার ফোরজি সাইটের মাইলফলক শুধু সংখ্যাগত অর্জন নয়; এটি বাংলাদেশের প্রতি রবির দীর্ঘমেয়াদি অঙ্গীকার, দেশের সম্ভাবনার প্রতি আস্থা এবং বাজারের ভবিষ্যৎ নিয়ে প্রতিষ্ঠানটির বিশ্বাসের প্রতিফলন। এ ধরনের ধারাবাহিক বিনিয়োগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের প্রতি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আস্থারও প্রমাণ।"
বাংলাদেশ বিশ্বের সপ্তম বৃহত্তম মোবাইল বাজার উল্লেখ করে তিনি বলেন, "এখন চ্যালেঞ্জ হলো এই বিশাল বাজারকে মানসম্মত সেবা, উচ্চগতির সংযোগ এবং বিশ্বমানের ডিজিটাল কানেক্টিভিটিতে রূপান্তর করা। নেটওয়ার্ক অবকাঠামো, স্পেকট্রাম, প্রযুক্তি ও সংযোগ খাতে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত থাকলে বৈশ্বিক ডেটা গতির সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমান প্রায় ৮২তম স্থান থেকে বিশ্বের শীর্ষ সাত বা আট দেশের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব।"
রেহান আসিফ আসাদ আরও জানান, সরকার একটি সংযুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং দেশকে এআই-চালিত ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এ পরিকল্পনার ভিত্তি হিসেবে সমন্বিত ডিজিটাল পরিচয় ব্যবস্থা, বহুমাত্রিক সরকারি ডিজিটাল অবকাঠামো, উন্নত এআই সক্ষমতা, এআই-সমর্থিত ডেটা সেন্টার এবং শক্তিশালী কানেক্টিভিটি ব্যাকবোন গড়ে তোলার কথা উল্লেখ করেন তিনি।
এ লক্ষ্য অর্জনে পুরো ডিজিটাল ইকোসিস্টেমের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন উপদেষ্টা।
তার মতে, রবির মতো টেলিযোগাযোগ অপারেটরদের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও দেশব্যাপী সংযোগ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতমুখী ও প্রগতিশীল নিয়ন্ত্রণ কাঠামো তৈরিতে বিটিআরসিরও দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক বলেন, "নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি সেবার মান নিশ্চিত করাও কমিশনের অন্যতম অগ্রাধিকার। রবির এ অর্জন দেশের টেলিযোগাযোগ খাতের ক্রমবর্ধমান সক্ষমতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের ইতিবাচক প্রভাব তুলে ধরে।" নেটওয়ার্কের বিস্তৃতি, সেবার মান ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে এ ধরনের উদ্যোগে বিটিআরসির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, "দেশের ৯৯ শতাংশ মানুষকে নেটওয়ার্কের আওতায় আনার মধ্য দিয়ে আরও বেশি মানুষের শেখা, অর্জন ও পরস্পরের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।" এ অগ্রযাত্রায় গ্রাহক, অংশীদার, সরকার ও বিটিআরসির ধারাবাহিক আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতেও নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানান রবির প্রধান নির্বাহী।
আগামী দিনগুলোতে নেটওয়ার্কের বিস্তৃতি ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বিশেষ করে যেসব এলাকায় এখনো নেটওয়ার্ক পৌঁছায়নি, সেসব স্থানে কভারেজ সম্প্রসারণের পাশাপাশি নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় রবি।
এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার, বিটিআরসি এবং অবকাঠামো খাতের অংশীদারদের সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে টাওয়ার কোম্পানিগুলোর সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে রবি। নতুন নেটওয়ার্ক সাইট স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা ও অনুমোদন দ্রুত পাওয়া গেলে সম্প্রসারণের কাজ আরও গতিশীল হবে বলে মনে করছে অপারেটরটি।



