আমীরুল ইসলামের অপ্রকাশিত লেখা
নিউইয়র্কের ছড়া
পাখি সব করে রব ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
নিউইয়র্কের থার্ড এভিনিউ
ব্যস্ততম সড়ক।
নানা রঙের নানা মানুষ
চক্ষু আমার চড়ক।
ছুটছে সবাই। ব্যস্ত কাজে
বিশ্বসেরা শহর।
চোখ ধাঁধানো দালানকোঠা
বইছে আলোর রহর।
ছুটছে মানুষ। যন্ত্র সবাই
নেইকো আদি অন্ত।
নিউইয়র্কের ম্যানহাটানে
সবাই হন্তদন্ত।
মাটির নিচে মেট্রোরেলে
আরেক ব্যস্ত শহর
এই শহরে রাত নামে না
নিওন আলোর প্রহর।
বড় বড় দোকান জুড়ে
বইছে আলোর বন্যা
বিষাদগীতি গাইছে বসে
হোমলেস এক কন্যা।
এই শহরে ধনী-গরিব
সবাই যেন সমান।
না খেয়ে কেউ মরবে না তার
অনেক আছে প্রমাণ।
প্রাসাদসম অট্টালিকায়
ধনী লোকের আবাস
ম্যানহাটানে ঘুরে বেড়াই
শাবাশ ব্যাটা শাবাশ।
হাসির জন্য স্টার বাক
আর আছে ম্যাকডোনাল
নিউইয়র্কে ঘুরে বেড়াই
আমি এবং কোনাল।
নিউইয়র্কে যখন আমি
মেট, মমতে যাবো
ভ্যান গঘ বা ক্লোদ মনের
সঙ্গে দেখা পাবো।



