শীতগন্ধা ইউইউয়ানথান

চীনের পার্কে লেখক
বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগে জয়েন করেছি এ বছর। পরিবার সঙ্গে নেই। মন বিক্ষিপ্ত। প্রথম কিছুদিন শহরের ভেতর ছোটখাটো পার্কে ঘুরে বেড়িয়েছি। ঝকঝকে যত্নআত্তির ছাপ সবখানে। ভিড়বাট্টা নেই। বেইজিং শহরটাই বিশাল।
জুলাই-আগস্টের চিড়বিড়ানো গরম পেরিয়ে সেপ্টেম্বরে দুম করে শরৎ এসে পড়ল। কিছুদিন যেতেই হঠাৎ একদিন বাংলাদেশ থেকে তিন হাজার কিলোমিটার দূরের বেইজিংয়ে পেতে শুরু করলাম শীতের গন্ধ, শৈশবের গন্ধ! নাসিকারন্ধ্র হয়ে সেই গন্ধ সোজা আঘাত করল মগজের অ্যামিগডালায়, যেখানে কাতর হওয়ার মতো স্মৃতিগুলো ঘাপটি মেরে থাকে। এবার আহ্লাদ না দেখিয়ে উপায় রইল না।
শরতের বেইজিংয়ে আমাকে দুই দণ্ড শান্তি দেওয়ার মোক্ষম বস্তুটা হয়ে দাঁড়াল সেই গন্ধ। কেমন সেই গন্ধ? কী তার নাম?
কল্পনা করুন। হেমন্তের শুরু কিংবা পৌষ। গ্রামের বাড়িতে কিশোর বয়সী আপনি। বিকালের হালকা কুয়াশায় চাদর জড়িয়ে গেলেন হাটে। শখ করে কিনে আনলেন দুটো টমেটো আর মরিচগাছের চারা। বাড়ির পাশে একচিলতে জমি। জমির মাটি থেকে দূর্বা ঘাস তুলে তাতে সামান্য মাটি খুঁড়ে দিলেন। এরপর চারাগুলো পুঁতে দিলেন। এইমাত্র যে গন্ধটা পেলেন, সেটার কথাই বলছিলাম।
বেইজিংয়ে দুই পা না যেতেই একটা করে পার্ক। এই পার্ক আবার আমার চেনা পার্কের মতো না। পাখি, ঝিঁঝি পোকা, বুনো ফুল-ফল, জারুল-গোলাপের লাগামছাড়া ঝোপ আর লতাপাতা মিলেমিশে মনের ভেতর ফুড়ুৎ করে ডোপামিন ভরে দেবে।
কিছু পার্ক শহর থেকে খানিকটা দূরে। ওই পার্কগুলো আশপাশে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলমিশ রেখেই গড়ে তোলা।
বেইজিংয়ের এমন কিছু শহুরে পার্কে শীতগন্ধ পেতে শুরু করলাম শরতের শুরুতেই। তখন ইংরেজি ক্যালেন্ডারে সেপ্টেম্বরের মাঝামাঝি। শীতগন্ধের লোভ সামলানো কঠিন। স্নিগ্ধ বেইজিংয়ের হেথাওথা ঘুরে বেড়ানো যাক এবার।
ছোট-বড় মিলিয়ে এগারোশ পার্ক! সহকর্মী তৌহিদ ভাই বুদ্ধি দিলেন, সাবওয়ে বা বাসে উঠে পড়বেন, তারপর ‘এ-ম্যাপে’ কোনো এক অচীন পার্ক দেখে নেমে পড়বেন। সে অনুযায়ী এক রবিবার চলে গেলাম ইউইউয়ানথানে।
সাবওয়েতে নামলাম কোংজুফান স্টেশন। তারপর মেইথুয়ান অ্যাপ দিয়ে স্ক্যান করে বাগিয়ে নিলাম বাইসাইকেল। এক কিলোমিটার চালিয়ে পৌঁছে গেলাম পার্কে।
দুই ইউয়ানের টিকিট আর ছয় ইউয়ানের আইসক্রিম হাতে ভেতরে ঢুকতেই আমার মন চলে গেল আনন্দপুর গ্রামে। ছোট খালার বাড়ি! বাড়ির পেছনে জংলা খাল আর সেই পরিচিত শীতগন্ধ!
স্বাগত জানাল এক জাতের সাদা প্ল্যান্টেইন লিলি, সালভিয়া, পিটুনিয়ার দল। তার কিছুটা সামনে ধীরস্থির শান্ত লেক। ঢাউস আকারের পদ্মপাতা।
চীনের অন্যান্য শব্দের মতো এ পার্কের নামটাও অর্থহীন নয়। ‘ইউ’ মানে সবুজ জেড পাথর, মাঝের ‘ইউয়ান’ মানে গভীর জল। আর ‘থান’ মানে লেক বা জলাধার। নামকরণে ভুল নেই। পদ্মপাতার নিচে পরিষ্কার সবুজ জল। একটু এগোতেই থমকে গেলাম। জবুথবু দাঁড়িয়ে বিশাল এক বুড়ি। তিন-চারতলা উঁচু। কলাপাতা সবুজ শাড়ি পরে উবু হয়ে আছে। বুড়ির নাম উইলো। পাইন চোখে পড়ল অনেক। চেনার চেয়ে অচেনা গাছগাছালিই বেশি। দেখে চিনতে পেরেছি রেডউড আর সাইপ্রেস।
পদ্মপুকুরের পাশে বিশাল লেক। তাতে বোট রাইডের ব্যবস্থা আছে। পার্কে আমি ছাড়া সবাই চীনের বাসিন্দা। কথাবার্তা চালানো দায়। বোটে ওঠার পর দেখা যাবে মুখে কুলুপ এঁটে ঘাপটি মেরে বসে থাকো। সুতরাং পদব্রজেই চলুক ভ্রমণ।
চীনের তরুণ-বুড়ো সবাই মারাত্মক রকমের স্বাস্থ্যসচেতন। জোর কদমে হাঁটা, কুকুর নিয়ে হাঁটা, জগিং, ধীরগতির থাইছি, জোরে জোরে শ্বাস— সবই চলছে। দুয়েকজন আয়েশ করে লেকের পাড়ের বাদামি রঙের বেঞ্চিতে বসে করছেন মনের ব্যায়াম। ইউইউয়ানথান পার্কে প্রথমবারের মতো মান্দারিন ডাক দেখলাম। মেয়ে পাখিগুলো সাধারণ হাঁসের মতোই। কিন্তু পুরুষ মান্দারিন ডাকের ব্যাপার-স্যাপার আলাদা। গাভর্তি রঙ। মানুষের বেলায় যাই হোক, অনেক প্রাণীর পুরুষ প্রজাতির প্রতি প্রকৃতি একপেশে আচরণ করে। মান্দারিন ডাকের বেলাতেও তাই। পুরুষ হাঁসের গায়ে রঙচঙ বেশি থাকলেই নাকি স্ত্রী হাঁসগুলো ছুটে চলে আসবে। মানুষের বেলায় বিষয়টা কল্পনা করতে গিয়ে সুবিধা করতে পারলাম না।
দেখতে দেখতে বিকাল পার। ফাঁকে এক চীনা তরুণীকে অনুরোধ করতেই হাসিমুখে আমার বেশ কিছু ছবি তুলে দিল। ছবির ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম জল-জঙ্গলের বুনো ধানের সারি। আমার থ্যাংকইউর বদলে তরুণী ওয়েলকাম বলল বেশ পরিষ্কার স্বরে। চীনের মানুষজন ইংরেজি কম জানে বলে চাউর হলেও তরুণ প্রজন্ম কিন্তু টুকটাক ইংরেজি ভালোই পারে।
পার্কে একটা ছোট সেতু। দুপাশে শ্যাওলাপড়া প্রাকৃতিক পাথুরে দেয়াল। পদ্মপুকুরের সঙ্গে লেকের একটা সরু চ্যানেল সেতুর নিচ দিয়ে গেছে। নিচে বড় বড় পাথর। সন্ধ্যায় সেই পাথরে বসে মান্দারিন ডাকের জলকেলি দেখতে দেখতে ঘোর লাগে।
এর মাঝে কয়েকজন চীনা মা-খালাকে দেখলাম তাদের শিশুদের হাঁসগুলো দেখিয়ে শেখাচ্ছে, ‘বলতো বাবু, ইয়া ইয়া।’ ইয়া মানে হাঁস। বুঝুন অবস্থা। চীনের শিশুরা হাঁস বলা শিখছে মান্দারিন ডাক দেখে!
এক প্রবীণকে দেখলাম বৃদ্ধ মাকে নিয়ে এসেছেন। বৃদ্ধা হুইলচেয়ারে। শান্ত জলার পদ্মফুল পেরিয়ে তার চাহনি বহুদূর। তাতে বিষণ্নতা নেই। আছে রাজ্যের প্রশান্তি।
এক তরুণী একা বসে আছে জলার পাড়ে শ্যাওলা পাথরে। দুয়েকটা ছবি তুলল। এরপর ফোনটা একপাশে রেখে চুপচাপ পদ্মপাতায় আলগোছে রেখে দিল বিষণ্ন চোখজোড়া। শান্ত জলার পাড়ের সোনালি বিকালটা তাকে যে বিশেষ কারও কথা মনে করিয়ে দিচ্ছে, সেটি বুঝতে মান্দারিন ভাষা জানার দরকার নেই।
সন্ধ্যা নামতেই শীতের ঘ্রাণওয়ালা সেই হিমেল হাওয়া। এবার আরেকটু জাঁকিয়ে।



