প্যারিসের মঞ্চে জুমেনের জয়

মো. জুমেন খান
পোশাক কারখানার কর্মব্যস্ততার ফাঁকে শ্রমজীবী মানুষের সংগ্রাম কিংবা সাধারণ কোনো মুহূর্তে তিনি খুঁজে পান ছবির গল্প। হাতে দামি ক্যামেরা নেই, আছে একটি মোবাইল ফোন। সেই ফোনের ক্যামেরায় তোলা ছবিই মো. জুমেন খানকে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাকে নিয়ে লিখেছেন আলোকচিত্রী সাজ্জাদ হোসেন
‘কারখানার কাজের মধ্যে ছুটি নিয়ে ছবি তুলতে বের হওয়া কঠিন। ওই ছুটির কারণে বেতন থেকে টাকাও কেটে নেওয়া হয়েছে। তবুও কোথাও কোনো ঘটনা ঘটলে, কোনো কালচারাল অ্যাকটিভিটি থাকলে বের হয়ে যেতাম ছবি তুলতে। আমার আগের প্রতিষ্ঠানের ম্যানেজার খুবই ভালো ছিলেন। তিনি আমাকে সবসময় সাপোর্ট করতেন। তবে এ কারণে প্রায়ই বস আমাকে এবং আমার ম্যানেজারকে কড়া কথা শোনাতেন।’
তবে এসব বাধা থামাতে পারেনি জুমেনকে। ছবি তোলার প্রতি ভালোবাসাই এবার তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব মঞ্চে। মোবাইল ফোনে তোলা ছবি দিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘শাওমি ইমেজারি গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘জাজেস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছেন তিনি।
‘২০১৮ সালে প্রথম নিজের হাতে মোবাইল ফোন পাই। ফোনটিতে ছিল মাত্র ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। রঙিন ছবি ভালো না আসায় সাদা-কালো মোডে কনট্রাস্ট বাড়িয়ে ছবি তুলতাম। সীমিত প্রযুক্তির মধ্যেই খুঁজে নিতাম নিজের মতো করে ছবি তৈরির আনন্দ। আজও ছবি তুলি মোবাইল ফোনেই।’ বললেন জুমেন।
ছয় বছর ধরে মোবাইল ফোনের ক্যামেরায় স্ট্রিট ফটোগ্রাফি ও প্রামাণ্য আলোকচিত্রের চর্চা করছেন তিনি। ফটোগ্রাফির প্রতি আগ্রহ বাড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদপুরের পরিচিত জায়গাগুলোতে আলোকচিত্রী জিয়ান খান ও সজীব কর্মকারের তোলা সাদাকালো ছবি দেখতেন। চেনা পরিবেশ, সাধারণ মানুষ আর দৈনন্দিন জীবনের দৃশ্যগুলো সাদাকালো ফ্রেমে কীভাবে এত জীবন্ত হয়ে ওঠে, তা মুগ্ধ করত পরে তাদের সান্নিধ্যে এসে ফটোগ্রাফিকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়।
জুমেন খানের জন্ম চাঁদপুরে। পরিবারের একমাত্র সন্তান। অভাবের সংসার। চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার পর থমকে যায় পড়াশোনা। অবশ্য এখন আবার শুরু করেছেন, স্নাতক করছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধীনে।
কাজের ফাঁকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান জুমেন। কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো শ্রমজীবী মানুষ, কখনো যানজটের মধ্যে জীবিকার তাগিদে ছুটে চলা মানুষ, কখনো নগরের ব্যস্ততার আড়ালে থাকা নিঃশব্দ কোনো মুহূর্ত তার দৃষ্টি কেড়ে নেয়। অন্যদের চোখে যা হয়তো প্রতিদিনের সাধারণ দৃশ্য, জুমেনের কাছে তা হয়ে ওঠে আলাদা একটি গল্প। তার ছবির মূল বিষয়বস্তু স্ট্রিট ফটোগ্রাফি ও ডকুমেন্টারি।
নিজের ছবির মাধ্যমে দর্শককে কী বার্তা দিতে চান— এমন প্রশ্নে তার উত্তর, ‘আমি চাই দর্শক ছবির দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকা মানুষ ও তার সংগ্রামকে অনুভব করুক। দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন আসছে, সেই বাস্তবতাকে নির্দিষ্ট সময় ও জায়গার সাক্ষী হিসেবে দর্শকের সামনে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য।’
তবে স্ট্রিট ফটোগ্রাফির পথ সবসময় সহজ নয়। অনুমতি ছাড়া কিংবা হঠাৎ কারও ছবি তুললে মানুষের প্রতিক্রিয়া হয় নানা রকম। কেউ বিস্মিত হন, কেউ সংকোচ বোধ করেন, আবার কেউ বিরক্তি প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে কয়েকবার বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখিও হয়েছেন। তবে তর্কে না জড়িয়ে হাসিমুখে নিজের পরিচয় ও কাজের উদ্দেশ্য বোঝানোর চেষ্টা করেন।
এবার পুরস্কার জেতার গল্প। ‘প্রতি বছর শাওমি ইমেজারির থিম বুঝে ঢাকা ও চাঁদপুরে তোলা আমার প্রিয় ছবিগুলো বেছে নিয়ম মেনে অনলাইনে সাবমিট করি’— বললেন জুমান।
বিশ্বের বিভিন্ন দেশের সাতজন আলোকচিত্রী এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি জুমেন খান। পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন তিন হাজার মার্কিন ডলার।
জুমেন বললেন, ‘এই স্বীকৃতি আমার কাজের জন্য এক বড় অনুপ্রেরণা। এটি আমাকে সামনের দিনগুলোতে আরও দায়িত্ব নিয়ে ডকুমেন্টারি ও স্ট্রিট ফটোগ্রাফিতে গভীরভাবে কাজ করে যাওয়ার সাহস জোগাবে।’
তবে মন খারাপের কথা হলো, ১৮ নভেম্বর ফ্রান্সের প্যারিসে গিয়ে পুরস্কার নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি। পুরস্কার পাঠিয়ে দেওয়ার কাজ চলমান রয়েছে বলে জানালেন এই আলোকচিত্রী। ওই টাকা দিয়ে নিজে ছোট ব্যবসা শুরু করতে চান। একটি ক্যামেরাও কিনবেন।
জুমেনের আলোকচিত্রচর্চায় অনুপ্রেরণার জায়গাটিও বেশ বিস্তৃত। বাংলাদেশের আলোকচিত্রী মোহাম্মদ পনির হাসান, এনামুল কবির, রাহুল তালুকদার ও জিয়ান খানের কাজ তাকে অনুপ্রাণিত করে। আন্তর্জাতিক আলোকচিত্রীদের মধ্যে সেবাস্টিও সালগাদো, অ্যামি ভিটালো, ক্রিস্টোফার অ্যান্ডারসন, রাঘুবীর সিং, রাঘু রায়, স্টিভ ম্যাককারি, জোয়েল মেরিওভিটজ ও ভিনেত ভোরার কাজ তার ছবি দেখার ও গল্প বলার দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে। ভবিষ্যৎ নিয়ে জুমেনের স্বপ্নও খুব বেশি আড়ম্বরপূর্ণ নয়। সুযোগ পেলে ফটোসাংবাদিকতা করার ইচ্ছা রয়েছে। আপাতত নিজের ভালো লাগা থেকেই ছবি তুলে যেতে চান। নিজের তোলা ছবিগুলো নিয়ে একদিন একটি ফটোবুক প্রকাশের ইচ্ছাও আছে।
ছবি তোলা পেশা-নেশা যা-ই হোক, মানবিকতা সবসময় জিয়নের কাছে সবার আগে। একটা ঘটনাই তা প্রমাণ করে, ‘মেঘনা নদীর পাড়ে তখন ছবি তুলছিলাম। দূরে এক লোককে গোসল করতে দেখে ভালো একটি সাবজেক্ট মনে হলো; কিন্তু হঠাৎ আসা এক প্রবল ঢেউ তাকে তীরের অনেকটাই গভীরে টেনে নিয়ে গেল। তিনি তলিয়ে যেতে শুরু করলেন। বুঝে গেলাম, সাঁতার জানেন না। মুহূর্তের জন্য ভুলে গেলাম ছবির কথা। ঝাঁপিয়ে পড়লাম স্রোতের মধ্যে। অনেক কষ্টে উদ্ধার করার পর জানতে পারলাম, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, নিজের নামটুকুও বলতে পারেননি। ছবি হয়তো সেদিন তোলা হয়নি, কিন্তু জীবনের মূল্যের কাছে শিল্পের চেয়েও মানবিকতা যে বড়, সেই শিক্ষা চিরতরে গেঁথে গেল মনে।’




