চিকিৎসায় হেপাটাইটিস ভালো হয়

হেপাটাইটিস হলো লিভার বা যকৃতের প্রদাহ। আর ভাইরাসের কারণে সৃষ্ট লিভারের প্রদাহকে বলে ভাইরাল হেপাটাইটিস। ভাইরাসজনিত সংক্রমণ, অতিরিক্ত মদ্যপান, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা অটোইমিউন সমস্যার কারণে লিভারে এই প্রদাহ হতে পারে। একসময় মনে করা হতো, হেপাটাইটিস মানেই দুরারোগ্য ব্যাধি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে এখন হেপাটাইটিস অনেকটাই নিরাময়যোগ্য। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু করলে এ রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়াও সম্ভব।
হেপাটাইটিসের ধরন ও ভয়াবহতা
হেপাটাইটিস মূলত ৫ ধরনের হয়, যেমন— হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি সবচেয়ে গুরুতর। এ দুই ভাইরাসে আক্রান্ত রোগীর বেশির ভাগই লিভার সিরোসিস বা লিভার ক্যানসারে আক্রান্ত না হওয়া পর্যন্ত কোনো শারীরিক সমস্যা বা লক্ষণ অনুভব করেন না।
লক্ষণ চিনে রাখা জরুরি
হেপাটাইটিসের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ ক্লান্তি বা সর্দি-কাশির মতো মনে হওয়ায় অনেকেই গুরুত্ব দেন না। তবে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া উচিত। যেমন—
- জন্ডিস বা চোখের সাদা অংশ এবং পুরো শরীর হলুদ হওয়া
- পেটের ডান পাশের ওপরের দিকে ব্যথা হওয়া
- দুর্বলতা বা ক্লান্তি বোধ
- ফ্লু-এর মতো জ্বর বা জ্বর জ্বর ভাব
- বমি বা বমি ভাব কিংবা ক্ষুধামান্দ্য
- শরীর ও পেশিতে ব্যথা
- ত্বকের উজ্জ্বলতা নষ্ট হওয়া
হেপাটাইটিস কীভাবে ছড়ায়
হেপাটাইটিস এ এবং ই মূলত দূষিত খাবার বা দূষিত পানি পানের মাধ্যমে ছড়িয়ে পড়ে। হেপাটাইটিস বি সংক্রমিত ব্যক্তির রক্ত বা শরীরের অন্যান্য তরলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া প্রসবের সময় এই রোগ মা থেকে সন্তানে ছড়িয়ে যেতে পারে অথবা রেজার কিংবা টুথব্রাশ ভাগাভাগির মাধ্যমে, অরক্ষিত যৌন মিলন কিংবা ইনজেকশনের সুই ও সিরিঞ্জ ভাগাভাগির মাধ্যমেও ছড়িয়ে যায়। হেপাটাইটিস সি আক্রান্ত ব্যক্তির রক্ত, রেজার, অরক্ষিত যৌন মিলন কিংবা ইনজেকশনের সুই ও সিরিঞ্জ ভাগাভাগির মাধ্যমেও ছড়াতে পারে।
হেপাটাইটিস প্রতিরোধের উপায়
হেপাটাইটিস এ এবং ই সংক্রমণ রুখতে বিশুদ্ধ পানি সরবরাহ, নিরাপদ খাবার, খাওয়ার আগে হাত ধোয়া নিশ্চিত করতে হবে। রক্তদান ও গ্রহণের আগে রক্তদাতার হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করে নিতে হবে। একই ইনজেকশনের সুই একাধিক ব্যক্তি ব্যবহার করবেন না। চিকিৎসা বা সার্জারির সময় জীবাণুমুক্ত যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে হবে। জন্মের পরপরই সব নবজাতককে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে। অন্যের ব্যবহৃত ব্রাশ, শেভিং রেজার ব্যবহার করা যাবে না। নিরাপদ যৌনচর্চা করতে হবে। অ্যালকোহল বা ধূমপান বর্জন করতে হবে। মনে রাখতে হবে, হেপাটাইটিস ছোঁয়াচে নয়। ও চিকিৎসায় অনেকটাই নিরাময়যোগ্য।
লেখক: পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ, আলোক হেলথকেয়ার লি., মিরপুর-১০, ঢাকা




