ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস সতর্ক হোন

গ্রাফিকস: আগামীর সময়
স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে ত্বকের রোগ, যা ‘সারকোপটিস স্ক্যাবিয়াই’ নামের ক্ষুদ্র জীবাণুর আক্রমণে হয়। এই রোগ সরাসরি স্পর্শ, আক্রান্ত ব্যক্তির কাপড়, বিছানার চাদর বা বালিশ ব্যবহারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। গরম ও আর্দ্র পরিবেশে এই জীবাণু খুব দ্রুত বংশবিস্তার করে।
স্ক্যাবিসের সাধারণ লক্ষণ : ত্বকে পানিযুক্ত দানা বা ছোট র্যাশ দেখা দেওয়া, চুলকানোর ফলে দানাগুলো শরীরে দ্রুত ছড়িয়ে পড়া, রাতে চুলকানি বেড়ে যাওয়া। এ ছাড়া আঙুলের ফাঁক, ত্বকের ভাঁজ, বগল, নাভির চারপাশ, যৌনাঙ্গ এবং শিশুদের ক্ষেত্রে ঘাড় বা হাতের তালুতে দানা দেখা দিতে পারে এবং সংক্রমিত স্থানে পুঁজ বা ব্যথা হতে পারে।
করণীয় ও সতর্কতা: পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জামাকাপড়, বিছানার চাদর, বালিশের কাভারসহ সবকিছু গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন। আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র অন্যরা ব্যবহার করবেন না। পরিবারের কেউ আক্রান্ত হলে সবারই একসঙ্গে চিকিৎসা নেওয়া জরুরি এবং মেস বা হোস্টেলে কেউ আক্রান্ত হলে দ্রুত আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা নিন। নিজের ইচ্ছামতো কোনো ওষুধ বা স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
চিকিৎসা: স্ক্যাবিসের চিকিৎসায় সাধারণত পারমিথিন ৫ শতাংশ ক্রিম বা লোশন এবং মনোসালফিরাম সল্যুশন ব্যবহার করা হয়। তবে রোগীর বয়স ও ওজনভেদে ওষুধের মাত্রা ভিন্ন হয়। প্রয়োজনে সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক বা ত্বক নমনীয় রাখতে ময়েশ্চারাইজার দেওয়া হয়।
লেখক: চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ, আলোক হেলথকেয়ার, মিরপুর



