স্বাস্থ্য টিপস
গর্ভাবস্থায় পা ফুলে গেলে করণীয়
ডা. ফারহানা মোবিন

গ্রাফিকস: আগামীর সময়
গর্ভাবস্থায় শরীরের কোষে অতিরিক্ত তরল জমে অনেকের পা ফুলে যায়। সাধারণত পায়ের গোড়ালি ও পাতায় এ সময় শরীরের কোষ অতিরিক্ত পানি ধরে রাখে। পা ফুলে গেলে যা করবেন:
- দীর্ঘ সময় পা নিচু করে বসে বা দাঁড়িয়ে থাকবেন না
- চিকিৎসকের পরামর্শ ছাড়া দেহের বা পায়ের পানি শুকানোর ওষুধ খাবেন না
- ঘুমানোর সময় পায়ের নিচে একটা বালিশ দিয়ে পা কিছুটা ওপরে তুলে ঘুমাবেন
- আরামদায়ক ও হিল ছাড়া জুতা পরবেন
- দীর্ঘ সময় পা ঝুলিয়ে বসে বা দাঁড়িয়ে দূরে ভ্রমণ করবেন না
- নিয়মিত রক্তচাপ, রক্তে চিনির মাত্রা মাপুন। নিয়মিত ১৩০/৯০ অথবা ১৪০/৯০ এ ধরনের রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন
- দীর্ঘ সময় বসে থাকার কাজ হলে পায়ের নিচে ছোট্ট একটা টুল বা মোড়া রাখতে পারেন
- অতিরিক্ত পানি জমে পায়ে চুলকানি, ত্বক ফেটে ঘা হলে অবহেলা করবেন না
- নিয়মিত দুই থেকে আড়াই লিটার পানি পান করুন
- উচ্চ রক্তচাপের ওষুধ গর্ভাবস্থার আগে ও গর্ভাবস্থায় একই রকম হয় না। এ সময় হরমোনের পরিবর্তন বা উচ্চ রক্তচাপের জন্যও অনেকের পা ফোলে। তাই চিকিৎসকের পরামর্শ নিন
- অতিরিক্ত পা ফোলা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত উচ্চ রক্তচাপ, ঝিমুনি ভাব,
মাথা ঘোরানো অথবা রক্তপাত হলে দ্রুত হাসপাতালে যান।
লেখক : মেডিকেল কর্মকর্তা, পালস পয়েন্ট হেলথকেয়ার লিমিটেড, ঢাকা।






