ভিসা পেলেই প্রবাসে আসা উচিত নয়

দেশে চাকরির সংকট, সীমিত আয়ে পরিবারের ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা— সব মিলিয়ে প্রবাসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। সবকিছুর ঊর্ধ্বে ছিল একটি স্বপ্ন— মাকে একটু ভালো রাখা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। সৌদি আরবে আসার কিছুদিন পরই মা মারা যান। আমি আরবি জানতাম না, আবার এখানকার মানুষের পক্ষেও বাংলা বোঝা সম্ভব ছিল না। ফলে দৈনন্দিন প্রয়োজনের কথাটুকু বোঝানোও কঠিন হয়ে পড়ত। থাকা-খাওয়া থেকে শুরু করে কাজের পরিবেশ— সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে বেশ সময় লেগেছে। সৌদি আরবে আইনকানুন মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। এখানে অপরাধের ক্ষেত্রে নাগরিক কিংবা বিদেশি— সবার জন্যই আইন প্রযোজ্য। নতুন যারা আসেন, তাদের উচিত আগে থেকেই দেশটির আইন, সামাজিক রীতিনীতি ও কর্মপরিবেশ সম্পর্কে জেনে আসা। এখানে বাংলাদেশিদের সামাজিক অবস্থান মোটামুটি ভালো। তবে বর্তমানে সৌদি আরবে বাংলাদেশিদের কাজের বাজার বেশ সংকুচিত। অনেকের আকামা নেই, অনেকে বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থান করছেন। আমার পরামর্শ, শুধু ভিসা পেলেই প্রবাসে আসা উচিত নয়। যার মাধ্যমে আসবেন, তার কাছ থেকে কাজ, বেতন, আকামা ও কোম্পানি সম্পর্কে নিশ্চিত হতে হবে। সম্ভব হলে চুক্তিপত্র দেখে এবং স্বাক্ষর করে আসা উচিত। কোনো কোম্পানির নিশ্চিত চাকরি নিয়ে আসতে পারলে ঝুঁকি কমে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান, এসি মেরামত, ওয়েল্ডিং কিংবা ড্রাইভিংয়ের মতো কাজ শিখে আসা জরুরি। দক্ষ কর্মীর চাহিদা সব সময়ই থাকে।
প্রবাসে আসা মানে শুধু বেশি আয়ের স্বপ্ন নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবার থেকে বিচ্ছিন্নতা, অনিশ্চয়তা ও অনেক না-পাওয়ার গল্প। তাই আবেগে নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে জরুরি।
লেখক: সৌদিতে অফিস প্লাস ফার্নিচার কোম্পানিতে কর্মরত



