বিষয় যাই হোক ক্যারিয়ার ব্যাংকিংয়ে

মডেল: শাহীন আক্তার নুহা। ছবি: সাজ্জাদ হোসেন
ব্যাংকে চাকরি করা জীবনে সবসময়ই আলাদা মর্যাদা যোগ করে। আকর্ষণীয় এ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি ও নিয়োগ কার্যক্রম নিয়ে লিখেছেন সাদিয়া আফরিন অমিন্তা
যেকোনো বিষয়ে পড়াশোনা করে ব্যাংকে চাকরি করার সুযোগ রয়েছে। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ ব্যবস্থা, উচ্চ বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার নিশ্চয়তাসহ নানা কারণে এ কর্মক্ষেত্রের প্রতি সবসময়ই বিশেষ আকর্ষণ অনুভব করেন তরুণ-তরুণীরা। এজন্য গত এক দশকে আমাদের দেশের বেকারত্বের হার মোটামুটি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, ব্যাংকের নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে কয়েকগুণ।
বিষয়ভেদে সুযোগ-সুবিধা
ব্যবসায় শিক্ষা শাখা থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্য ব্যাংকের ক্যারিয়ার একধরনের স্বাভাবিক রূপান্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন জানালেন, ফিন্যান্স, অ্যাকাউন্টস, মার্কেটিং বা ম্যানেজমেন্ট বিভাগে অর্জিত অ্যাকাডেমিক জ্ঞান সরাসরি ব্যাংকিং কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। জেনারেল অফিসার ছাড়াও সিনিয়র অফিসার (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) পদে ব্যবসায় শিক্ষায় শিক্ষিতদের জন্য বিশেষ অগ্রাধিকার থাকে। ক্রেডিট অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, অডিটিং, ট্রেড ফিন্যান্স এবং ব্যালান্স শিট পর্যালোচনার মতো জটিল কাজগুলোতে বাণিজ্য বিভাগের স্নাতকরা দ্রুত মানিয়ে নিতে পারেন। ব্যাংকের প্রতিদিনের আর্থিক হিসাব-নিকাশ, বৈদেশিক বাণিজ্য-সংক্রান্ত ডকুমেন্টেশন এবং ঋণ মঞ্জুরির মতো কাজগুলোতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঠিক প্রয়োগ ঘটাতে পারেন বলে পদোন্নতির দৌড়েও এরা মানসিকভাবে এগিয়ে থাকেন।
শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্যই যে ব্যাংকের দরজা খোলা, এমন ধারণা পুরোপুরি ভুল
তবে শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্যই যে ব্যাংকের দরজা খোলা, এমন ধারণা পুরোপুরি ভুল। এ প্রসঙ্গে পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার খালেদ আহমেদ জানালেন, সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষায় যেকোনো বিভাগের প্রার্থীরাই সমান সুযোগ পান। বর্তমান প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার কারণে বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের তরুণদের চাহিদা আকাশচুম্বী। ডেটাবেজ ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি ও কোর ব্যাংকিং সফটওয়্যার পরিচালনায় বিজ্ঞান ও প্রকৌশল স্নাতকদের নিয়োগ দেওয়া হচ্ছে নিয়মিত। অন্যদিকে, মানবিক ও সমাজবিজ্ঞান থেকে আসা তরুণদের দক্ষতা কাজে লাগে কাস্টমার রিলেশনশিপ, হিউম্যান রিসোর্স, আইনি বিষয়াদি এবং করপোরেট কমিউনিকেশনে। ব্যাংকের সাধারণ ব্যবস্থাপনা ও সাধারণ কর্মকর্তা পদে সাহিত্য, অর্থনীতি, ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও মেধার জোরে নিয়মিত সেরা অবস্থানগুলো দখল করছেন। পড়াশোনার বিষয় ভিন্ন হওয়ার কারণে শুরুতে একটু সমস্যা হলেও তা কাটিয়ে উঠতে সময় লাগে না। কারণ, এখান থেকে দেশ-বিদেশে পেশাসংশ্লিষ্ট প্রশিক্ষণ ও পড়াশোনার সুযোগ রয়েছে।
যেমন— বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে স্থায়ী হওয়ার পর ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং আইবিতে এক্সিকিউটিভ এমবিএ করা যায়। এ ছাড়া দেশের বাইরে বিভিন্ন সংস্থার বৃত্তির আওতায় থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ এবং জাপান, অস্ট্রেলিয়া ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রেষণে মাস্টার্স করার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে যেহেতু তথাকথিত ব্যাংকিং সেবা দিতে হয় না; বরং সামগ্রিক অর্থনীতি, উন্নয়ন ও ব্যাংক খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে যুক্ত থাকতে হয়, ফলে উচ্চশিক্ষা ও গবেষণা পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক ভূমিকা রাখে।
প্রতিযোগিতার বাজারে প্রস্তুতি
ব্যাংক নিয়োগ পরীক্ষার কৌশল সাধারণ সরকারি চাকরির চেয়ে খানিকটা ভিন্ন ও গাণিতিক গতিনির্ভর। প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা— মূলত এ তিন ধাপে প্রার্থী বাছাই করা হয়। প্রস্তুতি শুরু করতে হয় পরীক্ষার মানবণ্টন ভালোভাবে বুঝে নিয়ে। প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও আইসিটি বিষয়ে প্রশ্ন থাকে। বিশেষ করে গণিত ও ইংরেজিতে কম সময়ে নিখুঁত উত্তর দেওয়ার চর্চা বেশি করতে হবে। এরপর লিখিত পরীক্ষায় গণিত সমাধানের গতি, বাংলা ও ইংরেজি অনুবাদ এবং সমসাময়িক অর্থনীতিকেন্দ্রিক ফোকাস রাইটিংয়ের জন্য মনোযোগ দিতে পারেন। সবশেষে মৌখিক পরীক্ষায় দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং পরিভাষা, ব্যাংকিং নীতি এবং নিজের অ্যাকাডেমিক বিষয়ের ওপর প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রতিদিন পত্রিকা পড়া, বিগত বছরের বিএসসিবি প্রশ্নব্যাংক সমাধান এবং গণিতে নির্দিষ্ট সময়ে দ্রুত সমাধানের অনুশীলন প্রার্থীর আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।




