পরামর্শ
ম্যানেজার পদে পৌঁছানোর আগেই যে দক্ষতাগুলো জরুরি

লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু
ব্যবস্থাপক পদে উন্নীত হওয়া প্রত্যেক পেশাজীবীরই অন্যতম প্রধান স্বপ্ন। এ দায়িত্ব সামলানোর জন্য প্রয়োজনীয় দক্ষতার ওপর আলোকপাত করেছেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু
শুধু কাজের ধারাবাহিক সাফল্য বা দীর্ঘ বছরের অভিজ্ঞতা থাকলেই যে কেউ একজন সফল ম্যানেজার হয়ে উঠবেন, তা কিন্তু নয়। ম্যানেজার হওয়ার পর দায়িত্ব যেমন বহু গুণ বাড়ে, তেমনি কাজের পরিধি ও মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জও সম্পূর্ণ বদলে যায়। পদোন্নতি পেয়ে ব্যবস্থাপকের চেয়ারটিতে বসার আগেই একজন কর্মীকে কিছু নির্দিষ্ট মৌলিক ও কৌশলগত দক্ষতায় নিজেকে চৌকস করে তুলতে হয়। সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি না থাকলে পদোন্নতি পেলেও নেতৃত্ব প্রদানে নানা জটিলতা সামনে এসে দাঁড়ায়। তাই ক্যারিয়ারের শুরু থেকেই দায়িত্ব নেওয়ার মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা জরুরি।
ম্যানেজার পদের প্রথম ও প্রধান যোগ্যতা হলো নিজের পারফরম্যান্সের ঊর্ধ্বে উঠে দলগত লক্ষ্য অর্জনের মানসিকতা গড়ে তোলা। একজন এক্সিকিউটিভ বা জুনিয়র লেভেলের কর্মী হিসেবে শুধু নির্দিষ্ট দায়িত্ব সঠিক সময়ে শেষ করাই মুখ্য থাকে; কিন্তু নেতৃত্বের জায়গায় পৌঁছাতে হলে অন্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষমতা থাকতে হয়। দলের প্রত্যেক সদস্যের সবল ও দুর্বল দিক চিহ্নিত করে তাদের মাধ্যমে কাঙ্ক্ষিত কাজ আদায় করে নেওয়ার কৌশল বা ‘ডিলেগেশন স্কিল’ রপ্ত করা আবশ্যক। কোন কাজ কাকে দিলে সবচেয়ে ভালো ফল আসবে এবং কার দক্ষতা বাড়াতে কেমন দিকনির্দেশনা প্রয়োজন, তা নিখুঁতভাবে অনুধাবন করতে পারাই একজন ম্যানেজারের প্রথম সার্থকতা। দায়িত্ব ভাগ করে দেওয়ার পাশাপাশি দলের কাজের দায়ভার নিজের কাঁধে নেওয়ার সাহসিকতাও এই ধাপে অর্জন করতে হয়।
কার্যকর যোগাযোগ দক্ষতা ও ইমোশনাল ইন্টেলিজেন্স একজন ম্যানেজারের সবচেয়ে বড় হাতিয়ার
কার্যকর যোগাযোগ দক্ষতা ও আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স একজন ম্যানেজারের সবচেয়ে বড় হাতিয়ার। শুধু প্রাতিষ্ঠানিক নির্দেশ জারি করাই যোগাযোগ নয়; বরং টিমের সবার কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের সমস্যাগুলো সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে অনুধাবন করা এবং গঠনমূলক প্রতিক্রিয়া দেওয়ার মানসিকতা থাকতে হয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের আবেগ ও মানসিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে পেশাদার আচরণ ধরে রাখা জরুরি। কাজের তীব্র চাপের মধ্যেও কীভাবে সহকর্মীদের অনুপ্রাণিত করা এবং মতবিরোধ কাটিয়ে দলীয় ঐক্য বজায় রাখা যায়, সেই সামর্থ্য আগে থেকেই গড়ে তুলতে হয়। আবেগীয়ভাবে পরিপক্ব একজন কর্মীই পরবর্তীকালে যেকোনো বিষম পরিস্থিতিতে দলকে সঠিক নেতৃত্ব দিতে পারেন।
প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে একজন ম্যানেজারকে কৌশলী চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতায় পারদর্শী হতে হবে। দৈনন্দিন কাজের গণ্ডি পেরিয়ে পুরো প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য কী, তা বোঝার ক্ষমতা থাকাও দরকার। বাজারে নতুন কী পরিবর্তন আসছে, প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো কীভাবে এগোচ্ছে এবং তা কোম্পানির ব্যবসায় কীভাবে প্রভাব ফেলবে— এসব বিষয়ে পরিষ্কার ধারণা রাখা উচিত। যেকোনো জটিল সংকট তৈরি হলে শুধু সমস্যা চিহ্নিত করে ক্ষান্ত না হয়ে যুক্তি ও উপাত্ত বিশ্লেষণ করে সম্ভাব্য কয়েকটি বাস্তবসম্মত সমাধান নিয়ে প্রস্তুত থাকাই একজন সম্ভাবনাময় নেতৃত্বের পরিচয়। বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জনের মাধ্যমে একজন সাধারণ কর্মী ম্যানেজমেন্টের আস্থাভাজন হয়ে ওঠেন।
ব্যবসায়িক হিসাব-নিকাশ, ডেটা বিশ্লেষণ এবং সময় ব্যবস্থাপনার ওপর দখল অর্জন করা যেকোনো বিভাগের ম্যানেজারের জন্য অপরিহার্য। আধুনিক বিজনেস প্রসেসে কৌশলগত সিদ্ধান্তের মূল ভিত্তি হলো উপাত্ত। বাজার বিশ্লেষণ, আর্থিক লক্ষ্যমাত্রা বা রিটার্ন অন ইনভেস্টমেন্টের মতো বিষয় সঠিকভাবে বুঝতে না পারলে ব্যবসায়িক উন্নয়ন ঘটানো সম্ভব হয় না। এর পাশাপাশি নিজেকে এবং নিজের দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্পন্ন কাজ নিশ্চিত করা শিখতে হবে।



