পরামর্শ
কর্মক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের সীমা

মডেল: দীপ রোহান ও অ্যাঞ্জেলা ডি’কস্টা; ছবি: সাজ্জাদ হোসেন
কাজ করতে করতে সহকর্মীদের সঙ্গে পেশাগত সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত বা সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক। এর সীমা কতটুকু হওয়া উচিত? জানাচ্ছেন সোহানা শারমিন ডালিয়া
দেয়াল: কর্মক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রথম এবং প্রধান সীমা হলো পেশাদারিত্ব ও ব্যক্তিগত জীবনের মধ্যে স্পষ্ট দেয়াল তৈরি করা। সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা বা বিপদে পাশে দাঁড়ানো স্বাভাবিক ও মানবিক গুণ। তবে অফিসের ভেতরে ব্যক্তিগত জীবনের প্রতিটি খুঁটিনাটি শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। পারিবারিক সমস্যা, মানসিক দ্বন্দ্ব বা দাম্পত্য জীবনের জটিলতা সহকর্মীদের সঙ্গে আলোচনা করলে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তা ছাড়া কর্মক্ষেত্র আড্ডার জায়গা নয়; বরং এটি দক্ষতা ও মেধা প্রদর্শনের স্থান। তাই সহকর্মীদের সঙ্গে সম্পর্কের গভীরতা যেন কখনো কাজের মান বা মনোযোগে নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা জরুরি।
গোপনীয়তা: অনেক সময় গভীর বন্ধুত্বের খাতিরে কেউ কেউ অফিসের সংবেদনশীল তথ্য বা সহকর্মীদের ব্যক্তিগত গোপনীয় বিষয় শেয়ার করে ফেলেন। এটি পেশাগত নীতিবিরুদ্ধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো বিশেষ বন্ধুর সঙ্গে সুসম্পর্ক থাকতে পারে; তাই বলে প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত, বেতন কাঠামো বা অন্য কারও গোপন তথ্য তার সঙ্গে আলোচনা করা যাবে না।
পক্ষপাত: কর্মক্ষেত্রে কারও সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে উঠলে মূল্যায়ন কিংবা দলগত কাজের ক্ষেত্রে অবচেতনভাবেই পক্ষপাতিত্ব চলে আসার ঝুঁকি তৈরি হয়। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প বণ্টনের ক্ষেত্রে ব্যক্তিগত খাতিরে অযোগ্য ব্যক্তিকে অগ্রাধিকার দিলে তা পুরো দলের মনোবল ভেঙে দেয় এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলার অবনতি ঘটায়। একজন দক্ষ ও পেশাদার কর্মী হিসেবে সবসময় মনে রাখা দরকার, অফিসের চোখে সবাই সমান। ব্যক্তিগত সম্পর্ক নয়; বরং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কাজের মূল্যায়ন করা জরুরি।
সহকর্মীকে অতিরিক্ত প্রশ্ন করা, তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা জীবনযাপন নিয়ে কটূক্তি কিংবা অপ্রয়োজনীয় কৌতূহল প্রকাশ করা পেশাদার আচরণের পরিপন্থী
সম্মান: সবারই নিজস্ব একটি জগৎ এবং স্বাচ্ছন্দ্যের পরিসর থাকে। কোনো সহকর্মীকে অতিরিক্ত প্রশ্ন করা, তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা জীবনযাপন নিয়ে কটূক্তি কিংবা অপ্রয়োজনীয় কৌতূহল প্রকাশ করা পেশাদার আচরণের পরিপন্থী। অনেক সময় বন্ধুত্বের অতি উৎসাহে কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর ব্যাপার ঘটে, যা অন্য ব্যক্তির জন্য অস্বস্তিকর হতে পারে। অফিসে কারও সঙ্গে কথা বলার সময় তার শারীরিক ভাষা ও অভিব্যক্তির দিকে খেয়াল রাখা উচিত। কেউ যদি নিজের ব্যক্তিগত জীবন বা অনুভূতি শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে সেই সীমানাকে সম্মান জানিয়ে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।
পেশাদারিত্ব: ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিংকডইনের মতো প্ল্যাটফর্মে অনেক সময় সহকর্মীরা সংযুক্ত থাকেন। অফিসে কারও সঙ্গে কাজের সুবাদে পরিচয় হতেই পারে, তাই বলে তার প্রতিটি পোস্টে ব্যক্তিগত মন্তব্য বা অতিরিক্ত হস্তক্ষেপ করা শোভনীয় নয়। বিশেষ করে বিপরীত লিঙ্গের সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। ছুটির দিনে বা গভীর রাতে অপ্রয়োজনীয় কিংবা ব্যক্তিগত বার্তা পাঠানো থেকে বিরত থাকা উচিত।
তিক্ততা: পেশাগত জায়গায় বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় ভুল বোঝাবুঝি বা স্বার্থের সংঘাতে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সম্পর্ক খারাপ হয়েছে বলে তার প্রভাব যেন দৈনন্দিন দাপ্তরিক কাজে না পড়ে, সেদিকে খেয়াল রাখা পেশাদারিত্বের বড় পরীক্ষা। সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক না থাকলেও কাজের স্বার্থে স্বাভাবিক ও সৌজন্যমূলক আচরণ বজায় রাখতে হবে।
ভারসাম্য: আট থেকে দশ ঘণ্টা একসঙ্গে কাজ করতে গেলে সহকর্মীদের সঙ্গে মানসিক সংযোগ তৈরি হওয়া স্বাভাবিক। তবে এই সম্পর্কের মূল চাবিকাঠি হলো পরিমিতিবোধ। সহকর্মীরা হতে পারেন কাজের চমৎকার সহযাত্রী ও শুভাকাঙ্ক্ষী; কিন্তু তারা যেন জীবনের নিয়ন্ত্রক হয়ে না ওঠেন। পেশাদারিত্বের গণ্ডি মেনে এবং শ্রদ্ধা বজায় রেখে সম্পর্কগুলো পরিচালনা করা গেলে কর্মক্ষেত্র হয়ে উঠতে পারে আনন্দময়।
লেখক: জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা, অ্যারামেক্স ঢাকা



