ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপে গ্রামীণফোন

শিক্ষার্থীদের পাঠদান, ল্যাবরেটরি কার্যক্রম ও একাডেমিক গবেষণার সক্ষমতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার সরবরাহ করছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্পাদিত এক পার্টনারশিপের আওতায় এ সার্ভার প্রদান করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর জিপি হাউসে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
গ্রামীণফোনের দেওয়া সার্ভারগুলো ইইই বিভাগের কম্পিউটিং রিসোর্স শক্তিশালী করতে সহায়তা করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জটিল সিমুলেশন পরিচালনা, বড় ডেটাসেট বিশ্লেষণ এবং বিভিন্ন মডেল তৈরি ও পরীক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি গ্রামীণফোনের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত হয়ে পড়া সরঞ্জাম পুনর্ব্যবহারের মাধ্যমে সম্পদের কার্যকর ব্যবহারও নিশ্চিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিক্সসহ বিভিন্ন ক্ষেত্রে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও গবেষণার সুযোগ সম্প্রসারণে নতুন সার্ভারগুলো ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, সহযোগী অধ্যাপক ড. মো. মিনারুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ড. খালেদা আলী। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, "তরুণদের ডিজিটাল ও এআই-সংক্রান্ত দক্ষতায় সমৃদ্ধ করা গ্রামীণফোনের ডিজিটাল অন্তর্ভুক্তি কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীদের এআই ব্যবহারে সক্ষম করে তোলার পাশাপাশি দেশের তরুণদের জন্যও ডিজিটাল বিশ্বে অংশগ্রহণের উপযোগী সরঞ্জাম ও শেখার সুযোগ তৈরি করতে চায় গ্রামীণফোন।"
তিনি বলেন, "একাডেমিক উৎকর্ষ ও দক্ষ মানবসম্পদ তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর, এআইসহ উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ এবং বাংলাদেশের ডিজিটাল চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান তৈরির সুযোগ পাবে। একই সঙ্গে বিদ্যমান সরঞ্জাম পুনর্ব্যবহারের মাধ্যমে যন্ত্রপাতির কার্যকাল বাড়ানো ও সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম বলেন, "প্রকৌশল শিক্ষা ও গবেষণায় কম্পিউটিং রিসোর্সের গুরুত্ব ক্রমেই বাড়ছে। গ্রামীণফোনের এই সহায়তা বিভাগের ল্যাবরেটরির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সিমুলেশন, ডেটা বিশ্লেষণ ও গবেষণা প্রকল্পে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ তৈরি করবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও নতুন ধারণা বিকাশে তরুণদের সহায়তা করতে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের এ ধরনের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"



