আয়োজন
পাহাড়ের কোলে ফ্যাশনের আভা

ছবি: টুয়েলভের সৌজন্যে
৯ আগস্ট ছিল আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা জাতিগোষ্ঠীর প্রতি সম্মান জানিয়ে রাঙামাটিতে বিশেষ ফটোশুটের আয়োজন করেছিল ফ্যাশন লেবেল টুয়েলভ।
স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মডেলদের সঙ্গে নিয়ে পাহাড়ের প্রকৃতির মাঝে তুলে ধরা হয় ব্র্যান্ডটির সমসাময়িক পোশাক। সেই পোশাকগুলোতে প্রকাশ পেয়েছে জাতিগোষ্ঠীগুলোর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও জীবনযাপনের বৈচিত্র্য। কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ নীল জলরাশি, সবুজ পাহাড় আর পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পুরো আয়োজন পেয়েছিল এক ভিন্নমাত্রা। ছবি তুলেছেন পাহাড়েরই সন্তান আরিয়ান এন্ডারসন।
টুয়েলভের হেড অব ডিজাইন মাসিয়াদ জাহান বললেন, ‘এবার আমরা আমাদের আউটলেটে সবার জন্য তৈরি করা পোশাক নিয়েই রাঙামাটিতে এসেছি। তবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বিস্তৃত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর হাতে তৈরি কাপড়, বুনন, রঙ ও নকশায় অসাধারণ বৈচিত্র্য রয়েছে।
ভবিষ্যতে তাদের এই ঐতিহ্যবাহী রঙ, নকশা ও কারুশিল্প থেকে অনুপ্রেরণা নিয়ে টুয়েলভের পোশাকে নতুন কিছু করার ইচ্ছা রয়েছে আমাদের। আমরা চাই, তাদের নিজস্বতা ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান রেখেই এ বৈচিত্র্যময় শিল্প ও নকশাকে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে তুলে ধরতে এবং বিশ্বের কাছেও পৌঁছে দিতে।’




