যত্নআত্তি
বারান্দার গাছের যত্নে

ছবি: সংগ্রহ
এমন দিনে বারান্দার ছোট্ট সবুজ প্রাণের প্রয়োজন একটু বাড়তি যত্ন। পরামর্শ দিলেন রাজধানীর মোহাম্মদপুরের রিফাত গার্ডেন সেন্টারের স্বত্বাধিকারী মো. মিলন
পানিপ্রবাহ
গরম বাড়ছে বলে অনেকেই গাছে বারবার পানি দেন। অথচ টবের গাছে অতিরিক্ত পানি দিলে শিকড়ে পচন ধরার প্রবল শঙ্কা। তাই মাটি ছুঁয়ে পরখ করে নেওয়া দরকার। গাছের গোড়ার মাটি শুকনো দেখালেই পানি দেওয়া চাই, এমন নয়। আঙুল বা কাঠি ঢুকিয়ে দেখুন, ভেতরটা যদি ভেজা থাকে, তাহলে অপেক্ষা করাই শ্রেয়। অন্যদিকে, পানি দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সকাল কিংবা বিকেল। দুপুরের তাপে পানি পেলে উপকারের বদলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে।
রোদের খেলা
সূর্যের আলোও এই সময় বদলে যায়। রোদের তাপ অনেক তীব্র এখন। ফলে যেসব গাছ সরাসরি রোদে ভালো থাকত, সেগুলোও পুড়ে যেতে পারে। পাতা হলদে হওয়া কিংবা প্রান্ত শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখলে বোঝা চাই, রোদ একটু বেশিই পাচ্ছে গাছগুলো। সুরক্ষা দিতে হালকা ছায়ায় সরিয়ে নেওয়া বা শেড ব্যবহার করা উত্তম।
ধুলা প্রতিকার
বিশেষত ঢাকার বায়ুদূষণ তো রীতিমতো কুখ্যাত! বারান্দার গাছে এই সময় ধুলা জমা তাই অনেকটাই স্বাভাবিক। রাস্তার ধুলা, বাতাস— সব মিলিয়ে পাতার ওপর একটা আস্তরণ পড়ে যায়, যা গাছকে শ্বাস নিতে বাধা দেয়। সপ্তাহে দু-একবার ভেজা কাপড় দিয়ে পাতা মুছে দিলে কিংবা হালকা পানির স্প্রে করলে মিলতে পারে রেহাই।



