এনসিপির বিক্ষোভ সমাবেশ ‘জনশূন্য’ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত

ছবি: আগামীর সময়
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির বিক্ষোভ সমাবেশে জনশূন্য— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সম্পাদিত। মূল সমাবেশের ভিডিও থেকে দর্শক সারির অংশ বাদ দিয়ে, সমাবেশ শুরুর পূর্বে প্রস্তুতি চলাকালীন খালি চেয়ারের ভিডিও যুক্ত করে এনসিপির সমাবেশকে ‘জনশূন্য’ হিসেবে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
কী ভিডিও ছড়াচ্ছে?
ফেসবুকের ‘চৌদ্দগ্রাম আল্ট্রা ভার্সন’ নামের একটি আইডি থেকে গতকাল ২৯ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। তার ক্যাপশানে লেখা— ‘কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির বিক্ষোভ সমাবেশে জনশূন্য’।
ভিডিওতে দেখা যায়, প্রথম অংশে এনসিপির সমাবেশে জাতীয় সংগীত পাঠ করছেন নেতৃবৃন্দ এবং ভিডিওর ২য় অংশে সমাবেশ শুরুর পূর্বে প্রস্তুতি চলাকালীন খালি চেয়ারের দৃশ্য। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২২৬ বার শেয়ার হয়েছে এবং এতে ২ হাজার প্রতিক্রিয়া পড়েছে।
যাচাইয়ে যা মিলছে
অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’-এর ফেসবুক পেজে গত ৩০ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এনসিপির গণবিক্ষোভ সমাবেশের শুরু’ শিরোনামের ভিডিওটির শুরু থেকে ৫৩ সেকেন্ড পর্যন্ত এনসিপি নেতাদের জাতীয় সংগীত গাইতে দেখা যায়। এর পরের অংশে দর্শক সারিতে মানুষের উপস্থিতি দৃশ্যমান হয়।
এছাড়াও একই দিনে ‘তালাশ বিডি’ নামের ফেসবুক পেজে ‘দুই মন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে মাঠে নামছে এনসিপি’ শিরোনামে প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর উপস্থাপনায় বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও জননিরাপত্তাহীনতাসহ নানা ইস্যুতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপির গণবিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ভিডিওতে এনসিপির সমাবেশ শুরুর আগের দৃশ্যে নীলচে-সবুজ ও বাদামি রঙের খালি চেয়ার দেখতে পাওয়া যায়। এই দৃশ্যের সঙ্গে সম্পাদিত ভিডিওর খালি চেয়ারের দৃশ্যের মিল রয়েছে।
অতএব, এনসিপির বিক্ষোভ সমাবেশের ভিডিও থেকে উপস্থিত মানুষের দৃশ্য বাদ দিয়ে, সমাবেশ শুরুর আগের প্রস্তুতি ও খালি চেয়ারের ভিডিও জোড়া লাগিয়ে সমাবেশটি ‘জনশূন্য’ বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।






