নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ আইসিইউতে

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আগামীর সময়কে জানিয়েছেন মামুনুর রশীদের ভাই চিত্রশিল্পী রশিদ আমিন।
আগামীর সময়কে রশিদ আমিন বলেন, ‘মামুন ভাইয়ের অবস্থা একটু ফ্লাকচুয়েট করছে। ওনার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। এজন্য আইসসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন।’
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল মামুনুর রশীদকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র— তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ অবস্থান।
১৯৭২ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটক ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
মামুনুর রশীদ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’।
‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।




