ভিয়েতনামে স্বামীর সঙ্গে ঘুরছেন সামান্থা, প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবি

সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু। ছবি: ইনস্টাগ্রাম
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও তার স্বামী, খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরু এখন আনন্দের সাগরে ভাসছেন। তাদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান! বর্তমানে মাতৃত্বকালীন ছুটিকে স্মরণীয় করে রাখতে স্বামী রাজকে নিয়ে ভিয়েতনামে ছুটি কাটাচ্ছেন সামান্থা।
সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করেছেন বেশ কিছু চমৎকার ও মিষ্টি মুহূর্তের ছবি, যেখানে প্রথমবার তাকে স্পষ্ট বেবি বাম্পসহ দেখা গেছে।
ভিয়েতনাম ভ্রমণের ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘শুধুই আমরা’।
ভিয়েতনামের হো চি মিন শহরের সাইগন অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেওয়া ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সামান্থার মিষ্টি বেবি বাম্প। এছাড়া ছবিতে এই তারকা দম্পতিকে বিশ্বখ্যাত মিশেলিন-স্টার প্রাপ্ত রেস্তোরাঁ ‘আনআন সাইগন’-এ সুস্বাদু খাবার উপভোগ করতে এবং স্থানীয় পিকলবল ক্লাব ও আর্ট গ্যালারি ঘুরে দেখতে দেখা গেছে।
ছবিগুলো শেয়ার করা মাত্রই মন্তব্য ঘরে ভালোবাসার বন্যা ভাসিয়ে দিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, হানসিকা মোটওয়ানি থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনার ক্রেশা বাজাজ সামান্থার ‘প্রেগন্যান্সি গ্লো’ ও কিউট বেবি বাম্পের দারুণ প্রশংসা করেছেন।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্বের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সামান্থা বলেছেন, ‘জীবন পরিবর্তনের এই অনুভূতিটি একদমই নতুন ও দারুণ রোমাঞ্চকর। আমি বহু বছর ধরে এই সুন্দর মুহূর্তটির অপেক্ষা করছিলাম। আমি সবসময় একজন মা হতে চেয়েছি। মাতৃত্বের এই পুরো সময়টাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে উপভোগ করব।’







