স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত

জাফর পানাহি
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও স্বনামধন্য ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি আদালত। একই সঙ্গে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ এবং দুই বছরের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্প্রতি বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মাননা ‘স্বর্ণপাম’ জয় করা এবং অস্কার মনোনীত এই নির্মাতা আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত হলেও নিজ দেশে টানা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন।
ইরানের সংবাদপত্র এমতেদাদ-কে বিষয়টি নিশ্চিত করেছেন পানাহির আইনজীবী মোস্তফা নিলি। তিনি জানান, মাঝে বেশ কিছুদিন দেশের বাইরে থাকার পর নানা ঝুঁকি সত্ত্বেও চলতি বছরের এপ্রিলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ফেরেন ৬৬ বছর বয়সী এই নির্মাতা।
সম্প্রতি পানাহি তার আইনজীবী নিলিকে জানান যে, তার সমস্ত ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করে আইনজীবীরা জানতে পারেন, নির্মাতা পানাহির অনুপস্থিতিতেই আদালত এই কঠোর সাজা ঘোষণা করেন।
ইরানি কর্তৃপক্ষের তীব্র সমালোচক হিসেবে দীর্ঘ দিন ধরে পরিচিত জাফর পানাহি। এর আগে ‘ব্যবস্থাবিরোধী প্রচারণার’ অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষের অলক্ষ্যে গোপনে তৈরি করা নির্মাতা জাফর পানাহীর সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-কে আদালত তার প্রধান অপরাধের প্রমাণ হিসেবে দাঁড় করায়। উল্লেখ্য, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে গোপনে ধারণ করা এই সিনেমাটিই ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে মর্যাদাপূর্ণ ‘স্বর্ণপাম’ অর্জন করে।
এর আগেও ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইরানে কারাবন্দী ছিলেন পানাহি। বছরের পর বছর তার ওপর চলচ্চিত্র নির্মাণ ও বিদেশ ভ্রমণের কঠোর নিষেধাজ্ঞা জারি থাকলেও, তিনি সিনেমাকেই নিজের প্রতিবাদ ও মতপ্রকাশের একমাত্র হাতিয়ার বানিয়ে রেখেছেন।




