পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায় উঠল ‘মিস ইউনিভার্স’ মুকুট

জেনিফার ব্যারেটো
দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজ দেশের মাটিতেই ইতিহাস গড়লেন জেনিফার ব্যারেটো। ৭৫তম ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর জমকালো আসরে বিশ্বসুন্দরীর কাঙ্ক্ষিত মুকুট জিতে নিলেন ২৭ বছর বয়সী এই পুয়ের্তো রিকান তরুণী। নিজ দেশ পুয়ের্তো রিকোর দর্শকদের তুমুল করতালির মাঝে ষষ্ঠবারের মতো দেশটির ঘরে এই গৌরবময় শিরোপা ফিরিয়ে আনলেন তিনি।
জেনিফারের এই জয় কেবল রূপের নয়, বরং মেধা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। অবিশ্বাস্য হলেও সত্যি, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’-তে নাম লেখানোর আগে জীবনে কখনো কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেননি তিনি।
মনস্তত্ত্ব ও সমাজকর্মে ডাবল মাস্টার্স ডিগ্রিধারী জেনিফার ২০২১ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর অধীনে ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ ক্রাইসিস রেসপন্ডার হিসেবে কাজ করেছেন।
পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করা এই তরুণী চেয়েছিলেন নিজের মানবসেবার পরিধিকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে, আর সেই লক্ষ্যই তাকে এনে দিল বিশ্বসেরার মুকুট।
চূড়ান্ত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে মানুষের কোন মূল্যবোধ ধরে রাখা জরুরি? এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে, তবে তা যেন কখনোই মানুষের নিজস্ব মূল্যবোধ ও মানবিকতাকে গ্রাস না করে।
পাশাপাশি নেতাদের উদ্দেশে তার বার্তা ছিল, মানুষের কথা মন দিয়ে শোনা এবং উদাহরণ তৈরি করে সমাজকে এগিয়ে নেওয়া।
বিশ্বজুড়ে কোটি নারীর উদ্দেশে নতুন মিস ইউনিভার্সের আহ্বান, নিজের ওপর বিশ্বাস রাখতে এবং সমাজের বেঁধে দেওয়া তথাকথিত ‘নিখুঁত ছাঁচে’ নিজেকে না ফেলে নিজের স্বকীয়তা দিয়ে স্মরণীয় হয়ে উঠতে।
২০০৬ সালে জুলেইকা রিভেরার পর ঠিক ২০ বছর পর আবারও পুয়ের্তো রিকোর ঘরে ফিরল মিস ইউনিভার্সের মুকুট।




