বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল

সুজাত শিমুল ও জান্নাতুন নেছা
মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তার স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এ সময় বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং লেখক-সাংবাদিক আনিসুল হক।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুজাত শিমুল লেখেন, শুভেচ্ছা জানবেন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই বলে যে, অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে গতকাল সন্ধ্যায় মিরপুরস্থ একটি রেস্তোরাঁয় আমাদের বিয়ে ও বাগদান অনুষ্ঠান সম্পন্ন করায় আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাতে পারিনি। একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতেই এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে।
তিনি আরও লেখেন, আগামী ডিসেম্বর মাসে আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।
এদিকে, সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। ব্যতিক্রমী এ অঙ্কটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে।
সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।




