৩০০ বছরের দিঘির পাড়ে ইত্যাদি, থাকছে যত আয়োজন

উপস্থাপনায় হানিফ সংকেত
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচারিত হবে আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিওর চার দেয়াল থেকে বেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান ধারণের ধারাবাহিকতায় এবার মঞ্চ নির্মাণ করা হয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে। সপ্তদশ শতাব্দীতে খনন করা নান্দাইল দিঘির পাড়ে নান্দনিক আলোকসজ্জায় সাজানো মঞ্চ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠান দেখতে জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে হাজির হন হাজারো দর্শক। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমন্ত্রণপত্র বিতরণের পর নির্ধারিত সময়ের আগেই দর্শকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। জায়গা না পেয়ে অনেকে আশপাশের ভবনের ছাদ, রাস্তা, দেয়াল এমনকি গাছের ডালেও উঠে অনুষ্ঠান উপভোগ করেন।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশিদ আলম। তাঁর জনপ্রিয় তিনটি গান নিয়ে তৈরি করা হয়েছে সংকলিত পরিবেশনা। চলমান নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় একটি গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানের সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচটিতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত হয়েছেন চারজন দর্শক। দ্বিতীয় পর্বে তাঁরা জেলার ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেছেন।
এবারের ইত্যাদিতে থাকছে জয়পুরহাটের কৃষি, পোলট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি রয়েছে জেলার বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে অনুপ্রেরণামূলক গল্প। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিজেদের নীরবতাকে শক্তিতে পরিণত করেছেন তাঁরা জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনকে নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন। মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি আঁকেন এই শিল্পী।
এ ছাড়া অনুষ্ঠানের শেষদিকে থাকছে যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় নীরবে সহায়তা করে যাচ্ছেন তিনি।
অনুষ্ঠানে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তাঁর নাতির প্রাণবন্ত আলাপ, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে বেশ কিছু নাট্যাংশ। এর মধ্যে রয়েছে দেয়ালবন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা ও পর্দা সমাচার।
এবারের অনুষ্ঠানে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাষিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুবর্ণা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান ও বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।
বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।






