নারী ও শিল্পীদের প্রতি দিন দিন বাড়ছে নিষ্ঠুরতা: পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল
ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এক অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিদেশে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনা এবং নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধনশীল সংবেদনহীনতা নিয়ে এবার সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট শেয়ার করে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন পিয়া। সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করলেও তিনি লেখেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’
প্রবাসে থাকা কিছু মানুষের সংকীর্ণ মানসিকতা তুলে ধরে পিয়া জান্নাতুল আরও লেখেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায় বা মনটা আরও খোলামেলা হয়ে যায়, আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে—সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।’
ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ছোট শিশুর সামনে হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয়ে একদল লোক অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করে।
পরে এক ভিডিও বার্তায় নিজের ওপর হওয়া লাঞ্ছনার বিবরণ দিয়ে বাঁধন জানান, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, গায়ে কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারা হয়েছে এবং টানাটানি করে তার মোবাইল ফোনটি ফেলে দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তার ওপর এই হামলা চালানো হয়েছে।
এই ঘটনা সামনে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহশিল্পী, রাজনীতিবীদ ও সাধারণ নেটিজেনরা সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।






