ইতালিতে বাঁধনকে হেনস্তা, ক্ষোভ ঝাড়লেন পরীমনি

আজমেরী হক বাঁধন ও পরীমনি। ছবি: কোলাজ
ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এক অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছোট শিশু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই ভেনিসের রাস্তায় হেনস্তার শিকার হন তিনি। এ ঘটনায় সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে শেয়ার করে পরীমনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে নিজের ভাইয়ের পরিবারের সঙ্গে অবস্থানের সময় হামলার শিকার হন বাঁধন। তার সঙ্গে তার ভাইয়ের ছোট বাচ্চাও ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দেওয়া একদল লোক বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগাল ও হেনস্তা করতে থাকে। এ সময় বাঁধনের সঙ্গে থাকা তার ভাইয়ের ছেলে আতঙ্কে উচ্চস্বরে কাঁদতে শুরু করলেও হামলাকারীদের কোনো তোয়াক্কা করতে দেখা যায়নি।
পরে এক ভিডিও বার্তায় নিজের ওপর হওয়া লাঞ্ছনার বিবরণ দিয়ে বাঁধন জানান, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, গায়ে কোল্ড ড্রিংকস ও পানি ছুড়ে মারা হয়েছে এবং টানাটানি করে তার মোবাইল ফোনটি ফেলে দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তার ওপর এই হামলা চালানো হয়েছে। ঘটনাটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বইছে।






