মা হওয়ার ভুয়া খবরে চটেছেন সারগুন, সমর্থন রবির

সারগুন মেহতা ও রবি দুবে
ছোট পর্দা ও পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সারগুন মেহতা তাঁর মা হওয়ার গুঞ্জন নিয়ে এবার বেশ কড়া ভাষায় মুখ খুলেছেন। স্বামী রবি দুবের সঙ্গে ১২ বছরের দাম্পত্য জীবনে তিনি মা হতে চলেছেন এমন খবর গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে সারগুন মজা করে বলেন, সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি নাকি গত দুই বছর ধরেই অন্তঃসত্ত্বা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “খবর অনুযায়ী, আমাদের প্রেগনেন্সি নিয়ে আমাদের চেয়ে বাইরের লোকেরাই বেশি জানে। গত দুই বছর ধরে তাদের কাছে আমি অন্তঃসত্ত্বা। এটা তো অনেক লম্বা সময়ের প্রেগনেন্সি!”
সারগুন আরও জানান, এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো বন্ধ করা উচিত। কোনো খবর লেখার আগে অন্তত তাঁদের বা তাঁদের টিমের সঙ্গে কথা বলে সত্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেন তিনি। ক্যাপশনে বিরক্তি প্রকাশ করে তিনি লেখেন, “যে প্রেগনেন্সি নিয়ে আমি আর রবি নিজেই জানি না, সেটা আপনারা জানলেন কী করে? দয়া করে এটা বন্ধ করুন।”
স্ত্রীর এই পোস্টে মজার ছলে কমেন্ট করেছেন স্বামী রবি দুবেও। সারগুনের এই সপাট জবাবকে সমর্থন জানিয়ে হাসির ইমোজি দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০০৯ সালে ‘১২/২৪ করোল বাগ’ সিরিয়ালের সেটে রবি ও সারগুনের আলাপ হয়। সেখান থেকে প্রেম এবং ২০১৩ সালের ৭ ডিসেম্বর তাঁরা জাঁকজমকভাবে বিয়ে করেন। এর আগেও বহুবার তাঁদের সন্তান হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে, যা প্রতিবারই অস্বীকার করেছেন এই তারকা দম্পতি।
সুত্রঃ এনডিটিভি



