কান উৎসবের উদ্বোধনী ছবি ‘লা ভেন্যুস ইলেক্ট্রিক’

সংগৃহীত ছবি
ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত ‘লা ভেন্যুস ইলেক্ট্রিক’ (দ্য ইলেক্ট্রিক ভেনাস) প্রদর্শনের মাধ্যমে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। এবারের আসরের উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে এটি। বুধবার (১ এপ্রিল) রাতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিলেন আয়োজকরা।
আগামী ১২ মে ফ্রান্সের দক্ষিণে সাগরপাড়ে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্রাঁ থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী আয়োজন শেষে ‘লা ভেন্যুস ইলেক্ট্রিক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ফরাসি অভিনেত্রী আই আইদারা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। একই দিনে ফ্রান্স জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিটি।
ফরাসি কমেডি ধারার অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা পিয়ের সালভাদোরির ৩৪ বছরের ক্যারিয়ারের ১১তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লা ভেন্যুস ইলেক্ট্রিক’। রোমান্টিক-বার্লেস্ক-কমেডি ধাঁচের ছবিটির পটভূমি ১৯২৮ সালের প্যারিস। গল্পে দেখা যাবে, জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী অঁতোয়ান বালেস্ত্রো স্ত্রীর মৃত্যুর পর থেকে ছবি আঁকার সৃষ্টিশীল অনুপ্রেরণা হারিয়ে ফেলে। এ কারণে গ্যালারির মালিক আরমান্ড ভীষণ হতাশ।
এক মাতাল সন্ধ্যায় অঁতোয়ান একজন আধ্যাত্মিক মানুষের মাধ্যমে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টাই তাকে টেনে নিয়ে যায় প্রতারণার এক জটিল জালে। স্ত্রী ভেবে অজ্ঞাতসারে সার্কাসকর্মী সুজানের সঙ্গে আলাপচারিতায় মগ্ন থাকে সে। সুজান সহজাত প্রতারক। আরমান্ডের সাহায্যে সে একের পর এক ভুয়া প্রেতচক্রের আসর বসাতে থাকে। ধীরে ধীরে অঁতোয়ান ছবি আঁকার অনুপ্রেরণা ফিরে পায়। কিন্তু সুজানের জন্য পরিস্থিতি জটিল হয়ে ওঠে, কারণ সে অঁতোয়ানের প্রেমে পড়ে যায়।
ছবিটিতে অভিনয় করেছেন ফরাসি সিনেমার জনপ্রিয় তারকারা। তারা হলেন- পিয়ো মারমাই, আনাইস দ্যুমুস্তিয়ের, জিল ল্যঁলুশ, ভিমালা পোঁস, গুস্তাভ কেরভার্ন, ম্যাদ্যুলেন বোদ্যু। ছবিটি প্রযোজনা করেছে লে ফিল্মস পেলেয়াস, পরিবেশনায় ডায়াফানা ডিস্ট্রিবিউশন। আন্তর্জাতিক বিক্রয় দেখছে গুডফেলাস।
ফরাসি চলচ্চিত্র পরিচালক রেবেকা জলোতোস্কি ও রবাঁ কম্পিলোর মূল ভাবনা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন পিয়ের সালভাদোরি, বেনোয়াঁ গ্রাফাঁ ও বেজামা শারবি। সংলাপ লিখেছেন পিয়ের সালভাদোরি।
কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর চলবে ২৩ মে পর্যন্ত। আগামী ৯ এপ্রিল বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) এবারের আসরে অফিসিয়াল সিলেকশন ঘোষণা করবেন কান উৎসবের সভাপতি ইরিস নোব্লোক এবং কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ।

