আগামীর সময়

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া

সংগৃহীত ছবি

পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার হাতের বাইরে থাকা এ অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সামরিক বাহিনী।

গতকাল বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘সামরিক বাহিনীর পশ্চিম গ্রুপ গণপ্রজাতন্ত্রী লুহানস্কের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছে।’

ইউক্রেন এখনো এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রুশ বাহিনী উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের ভেরখনিয়া পিসারিভকা গ্রাম এবং দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বইকোভে গ্রামেরও নিয়ন্ত্রণ নিয়েছে।

লুহানস্ক ও দোনেৎস্ক মিলে বৃহত্তর দোনবাস অঞ্চল গঠিত। লুহানস্কের ৯৯ শতাংশেরও বেশি এলাকা দীর্ঘদিন ধরে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং ২০২২ সালে মস্কোর দখল করা চারটি ইউক্রেনীয় অঞ্চলের মধ্যে এটি অন্যতম। রাশিয়া দোনেৎস্কের প্রায় তিন-চতুর্থাংশও নিয়ন্ত্রণ করে।

ক্রেমলিন গতকাল দোনেৎস্কের সমগ্র এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনীকে প্রত্যাহার করার দাবি পুনর্ব্যক্ত করেছে, যা কিয়েভ বারবার প্রত্যাখ্যান করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার ভাষায় যুদ্ধের ‘উত্তপ্ত পর্যায়ের’ অবসান ঘটাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ‘গতকালই’ দোনবাস এলাকা থেকে তার বাহিনী প্রত্যাহার করার কঠিন সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল।

জেলেনস্কির সাম্প্রতিক মন্তব্যের জবাবে পেসকভ এসব কথা বলেছেন। জেলেনস্কি দাবি করেছিলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রকে চরমপত্র দিয়ে বলেছিল, দুই মাসের মধ্যে ইউক্রেনীয় বাহিনী দোনবাস থেকে সরে না গেলে তারা শান্তি চুক্তির শর্ত আরও কঠোর করবে।

জেলেনস্কি আরও উল্লেখ করেন, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে রাশিয়া দোনবাসের বাকি অংশ জয় করার আশা করতে পারে, এটা কেউ বিশ্বাস করতে পারে জেনে তিনি বিস্মিত। তিনি জানান, ইউক্রেন একটি কূটনৈতিক সমাধান চায়, কিন্তু তা অঞ্চলের বিনিময়ে নয়।

    শেয়ার করুন: