আগামীর সময়

ভারতের ঘটনার ছবি বাংলাদেশে ধর্ষণ-পরবর্তী হত্যাকাণ্ড বলে ভুয়া প্রচার

ভারতের ঘটনার ছবি বাংলাদেশে ধর্ষণ-পরবর্তী হত্যাকাণ্ড বলে ভুয়া প্রচার

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক নারীর মরদেহের ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত ছবিটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; বরং এটি ভারতের আসাম রাজ্যের একটি পুরোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

রিভার্স ইমেজ সার্চে ‘Konmani Rajbongshi Konmani’ নামের একটি ভারতীয় ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১০ অক্টোবর একই ছবিসহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, ঘটনাটি আসামের ধেমাজি জেলার গাইনদী রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটেছিল, যেখানে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

পোস্টে সংযুক্ত আধার কার্ডের তথ্য অনুযায়ী, মৃত নারীর নাম জ্যোতিকা কলিতা। তিনি ধেমাজি জেলার শিলালি মাজ গাঁও (জামুগুরি পঞ্চলি, ১ নম্বর বিষ্ণুপুর) এলাকার বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে আরও অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম News18 Assam-এর ওয়েবসাইটে ২০২৫ সালের ১০ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

সেখানে বলা হয়, জ্যোতিকা কলিতা মেকআপ আর্টিস্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ৯ অক্টোবর তিনি ধেমাজি শহরের একটি পার্লারে প্রশিক্ষণ নিতে গিয়ে বিকেল ৪টার দিকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন।

পরদিন ধেমাজি শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে গাইনদী রেলওয়ে ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অতএব, ভারতের আসামে ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনাকে বাংলাদেশে ধর্ষণের পর হত্যা হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর ও ভুয়া দাবি।

    শেয়ার করুন: