সাবেক প্রেমিক রাজের প্রস্তাবে মিমির সায়

রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
বিনোদন জগতে প্রেম, বিচ্ছেদ কিংবা সময়ের ব্যবধানে পুরোনো মান-অভিমান ভুলে আবার একসঙ্গে কাজ করার ঘটনা খুব স্বাভাবিক। সম্প্রতি দেব ও শুভশ্রীর ক্ষেত্রেও এমনটাই দেখা গেছে—দীর্ঘদিনের দূরত্ব ও অভিমান সরিয়ে রেখে আবারও এক হয়েছেন তারা।
এবার ঠিক একই পথে হাঁটতে যাচ্ছেন রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। একসময় তাদের সম্পর্ক টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। পরবর্তীতে সেই সম্পর্কের ইতি ঘটে এবং রাজ বিয়ে করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।
তবে সেই পুরোনো তিক্ততা, ১১ বছরের দীর্ঘ বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের সব টানাপোড়েন পেছনে ফেলে আবারও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন মিমি।
রাজ চক্রবর্তীর ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর নতুন একটি ওটিটি সিনেমার প্রস্তাবে মিমি সায় দিয়েছেন।
সিনেমাটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী এবং চিত্রনাট্য পছন্দ হওয়ায় প্রজেক্টটিতে সম্মতি জানিয়েছেন এই অভিনেত্রী। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বরের শেষের দিকেই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।
পর্দা ও পর্দার বাইরের সমীকরণ যাই হোক, পরিচালক রাজ এবং অভিনেত্রী মিমির রসায়ন সবসময়ই টলিপাড়াকে দিয়েছে সুপারহিট সব কাজ। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ কিংবা ‘যোদ্ধা’—তাদের এই জুটি দর্শকদের কাছ থেকে কুড়িয়েছে অশেষ ভালোবাসা।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল মিমিকে। এরপর দেখতে দেখতে কেটে গেছে এক দশকেরও বেশি সময়।
রাজ ও মিমির এই নতুন অধ্যায় শুধু টলিউডেই নয়, দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মনেও নতুন করে উত্তেজনা ও আগ্রহের সৃষ্টি করেছে।








