রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়া ওকাম্পোর সেই সম্পর্ক মঞ্চে

নাটকের একটি দৃশ্য
রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্কের আলোচিত অধ্যায় এবার মঞ্চে তুলে ধরছে ম্যাড থেটার। রবীন্দ্রনাথের জীবনের বিশেষ এক সময়কে কেন্দ্র করে নির্মিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’র ত্রয়োদশ প্রদর্শনী হবে আগামী ১২ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
নাটকটির গল্পের কেন্দ্রে রয়েছে ১৯২৪ সালে রবীন্দ্রনাথের আর্জেন্টিনা সফর এবং সান ইসিদ্রোতে ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তাঁর সময় কাটানোর ঘটনা। গবেষণাধর্মী এই প্রযোজনায় কবির জীবনের সেই সময়ের আবেগ, নিঃসঙ্গতা, অসুস্থতা এবং ওকাম্পোর সঙ্গে তাঁর সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯২৪ সালে পেরু সরকারের আমন্ত্রণে স্বাধীনতার শতবর্ষ উদযাপনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন রবীন্দ্রনাথ। শ্রীলঙ্কার কলম্বো বন্দর থেকে জাহাজে চড়ে দীর্ঘ সমুদ্রযাত্রার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ায় পেরু যাত্রা বাতিল করে আর্জেন্টিনায় অবস্থান করতে হয় তাঁকে।
আর্জেন্টিনার প্লাজা হোটেলে অবস্থানের সময় রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় তাঁর এক পাঠিকা ভিক্টোরিয়া ওকাম্পোর। ওকাম্পোর আমন্ত্রণে তিনি শহরের বাইরে সান ইসিদ্রোর মিরালরিও ভিলায় যান। রিও ডেলা প্লাটা নদীর তীরে অবস্থিত ওই বাড়িতেই রবীন্দ্রনাথ ও ওকাম্পোর মধ্যে ঘনিষ্ঠ সখ্য গড়ে ওঠে।
নাটকের কাহিনি অনুযায়ী, মিরালরিও ভিলায় মাত্র এক সপ্তাহের জন্য যাওয়ার কথা থাকলেও সেখানে নভেম্বর ও ডিসেম্বর মাস কাটিয়ে দেশে ফেরেন রবীন্দ্রনাথ। ওই সময়ে ওকাম্পোর দেওয়া একটি চেয়ারে বসে নদীর দিকে তাকিয়ে সময় কাটাতেন তিনি, লিখতেন কবিতা। দেশে ফেরার সময় স্মৃতিচিহ্ন হিসেবে ওকাম্পো সেই চেয়ারটি রবীন্দ্রনাথকে উপহার দেন।
সান ইসিদ্রোতে অবস্থানকালে লেখা কবিতাগুলো নিয়ে পরে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ‘পূরবী’। গ্রন্থটি তিনি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন।
‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র মাত্র দুটি। রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করছেন আসাদুল ইসলাম এবং ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে অভিনয় করছেন সোনিয়া হাসান।
প্রযোজনা সম্পর্কে আয়োজকদের ভাষ্য, রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দীপ্রাচীন সম্পর্ককে নাটকের মাধ্যমে নতুন করে স্মরণ করার একটি প্রয়াস ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। গবেষণাধর্মী প্রযোজনা হওয়ায় সাধারণ দর্শকের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, কবি ও সাহিত্যিকদের মধ্যেও নাটকটি আগ্রহ তৈরি করেছে।
ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম বলেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও ভালোবাসার গল্পগুলোই যুদ্ধ ও বিদ্বেষে জর্জরিত পৃথিবীতে নতুন আশার বার্তা দিতে পারে। ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ সেই মানবিক সম্পর্কের একটি নাট্যপ্রকাশ।
আগামী ১২ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ত্রয়োদশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।




