শিল্পকলায় মঞ্চস্থ হচ্ছে হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’

ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’। নাটকটির কাহিনিকার ও নির্দেশক ডায়না ম্যারেলিন।
নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির। অভিনয়ে সারাহ জেবীন অদিতি, সুপ্তি দাস চৈতি, ডায়না ম্যারেলিন, নিয়ন আহসান, সাইম বিন মুজিব, জেরম প্রজ্ঞা মধু। নাট্যদলটি এর আগে ‘ক্যাফে দ্য ভলতে’ মঞ্চে এনে দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
তাদের নতুন নাটকে থাকছে একটি প্রেমের গল্প। দুজন পরিণত মানুষ একজন আরেকজনের আরাম হবে, বিশ্রামের জায়গা হবে, আস্থার ঠিকানা হবে, একজন আরেকজনকে নিরাময় করতে তার ক্ষতে প্রলেপ দেবে। এমন সহজ সত্যকে দূরে সরিয়ে যারা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ব্যস্ত, তাদের গল্প নিয়েই সাজানো হয়েছে ‘তবুও প্রেম আসে’।
‘তবুও প্রেম আসে’ নাটকের গানে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী, সাজ্জাদ কবির ও রেশমী চাকমা। লাইট ডিজাইনে আছেন মোখলেছুর রহমান। সাউন্ড ও মিউজিকে চার্লস নিলয় চৌধুরী। কোরিওগ্রাফিতে অন্বেষা বিশ্বাস অগ্নি। সেট ও প্রপসে মালিহা ফাইরুজ ফারিন মেলিসা ও সুপ্রিয় ঘোষ। কস্টিউমে রহমত। পোস্টার ও ডিজিটাল আর্কাইভে সারাহ জেবীন অদিতি ও শুভাশিস হালদার।




