‘বিয়ন্ড দ্য স্টেজ’ আয়োজনে সুফিয়ানা সুরে মুগ্ধ দর্শক

রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় অন্তরা প্র্যাকটিস প্যাড রক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সংগীত আয়োজন ‘বিয়ন্ড দ্য স্টেজ’।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে মাহশুর-দ্য সুফিয়ানা ব্যান্ড (Mashoor–The Sufiyana Band)।
সমমনা সংগীতপ্রেমীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত অতিথিরা অংশ নেন। রাত ১২টা পর্যন্ত চলা আয়োজনে ব্যান্ডটির পরিবেশনায় একের পর এক ক্লাসিক ও সুফি ঘরানার গান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানটির আয়োজন ও উপস্থাপনায় ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সেলিম লিনয়। অন্তরা প্র্যাকটিস প্যাডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীতের পাশাপাশি অতিথিদের জন্য বিভিন্ন খাবারের আয়োজনও ছিল। ভাপা ও চিতই পিঠা, ফুচকা, ঝালমুড়ি এবং চায়ের স্টল ঘিরেও অতিথিদের আগ্রহ দেখা যায়।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পারা দর্শকদের জন্য অন্তরা প্র্যাকটিস প্যাডের ভেরিফায়েড ফেসবুক পেজে আয়োজনের অংশবিশেষ সরাসরি সম্প্রচার করা হয়।
আয়োজন ও সহযোগিতায় ছিল ট্রেন্ড বিয়ন্ড বিডি (Trend Beyond BD) এবং আল্টিমেট লাইফস্টাইল (Ultimate Lifestyle)।



