বলিউডে সৃজনশীলতার স্বাধীনতা আর নেই, দাবি কুমার শানুর

কুমার শানু
বলিউড হোক বা টলিউড নব্বইয়ের দশকের অসংখ্য রোমান্টিক গানের সঙ্গে জড়িয়ে থাকা নাম কুমার শানু। দীর্ঘ সময় ধরে সংগীতাঙ্গনে নিরলস কাজ করে যাওয়া এই বরেণ্য কণ্ঠশিল্পী সম্প্রতি হিন্দি সিনেমা ও বর্তমান সংগীত ব্যবস্থার সৃজনশীলতা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
দীর্ঘ ২১ বছর পর উদিত নারায়ণের সঙ্গে জুটি বেঁধে নতুন কাজ করার ঠিক আগে তার এই বক্তব্য সংগীত মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কুমার শানু জানান, অতীতে সংগীত পরিচালক, গীতিকার ও গায়কদের কাজের ক্ষেত্রে যে সৃজনশীল স্বাধীনতা বা ‘ক্রিয়েটিভ ফ্রিডম’ ছিল, বর্তমানে তা অনেকটাই সংকুচিত হয়ে এসেছে।
তার ভাষ্য অনুযায়ী, ‘আগে সংগীত পরিচালক, গীতিকার ও গায়কদের সৃজনশীল স্বাধীনতা ছিল। কোনো সংগীত পরিচালককে একটি পরিস্থিতি দেওয়া হলে তিনি ১০টি ভিন্ন বিকল্প তৈরি করতে পারতেন। এরপর দল মিলে সিদ্ধান্ত নিত, কোনটি সবচেয়ে ভালো হবে। চারপাশে তখন শুধু সৃজনশীলতার চর্চা ছিল। এটাই শিল্প।’
তিনি স্পষ্ট করে বলেন যে, ইন্ডাস্ট্রিতে এখন ভালো সংগীত তৈরি হচ্ছে না বা মেধাবী কম্পোজার নেই বিষয়টি মোটেও তেমন নয়, বরং নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট করার সুযোগ ও স্বাধীনতা আজ অনেক কমে গেছে।
সংগীত প্রযোজনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন কুমার শানু। তার মতে, প্রযুক্তি কাজকে অনেক সহজ করে দিয়েছে ঠিকই, কিন্তু এর ফলে আগের মতো নিষ্ঠা এবং নিয়মানুবর্তিতা কমে গেছে।
অতীতের রেকর্ডিং প্রক্রিয়ার স্মৃতিচারণ করে তিনি জানান, আগে শিল্পীদের প্রথম থেকেই নিখুঁতভাবে গাইতে হতো এবং ভুল হওয়ার একটি স্বাভাবিক সতর্কতা ও চাপ কাজ করত, যা গানকে আরও সিরিয়াস ও নিখুঁত করে তুলত।
আগে যেখানে এক বা দুটি টেকেই গান সম্পন্ন হতো, এখন সেখানে আলাদা আলাদা শব্দ বা অংশ জুড়ে কাজ করা হয়। তবে প্রযুক্তির ইতিবাচক দিকও স্বীকার করে তিনি বলেন, এর মাধ্যমে ভুল সহজে শুধরে নেওয়া সম্ভব হলেও শিল্প ও সাধনার জায়গায় শৃঙ্খলা ধরে রাখা জরুরি।
কুমার শানু বলেন, ‘প্রযুক্তির ভালো-মন্দ দুই দিকই আছে। এতে গান গাওয়া, এমনকি নাচও সহজ হয়েছে। কিন্তু প্রযুক্তি দিয়ে শিল্প সৃষ্টি করা যায় না। শিল্প ঈশ্বরের দান। অথবা বংশপরম্পরায় পাওয়া যায়।’
দীর্ঘ পথচলায় দাঁড়িয়ে বর্তমান সংগীতের প্রবণতা ও সৃজনশীল পরিসর নিয়ে তার এই খোলামেলা পর্যবেক্ষণ আবারও পুরোনো দিনের সংগীতচর্চার সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যকে সামনে নিয়ে এলো।




