নতুন জেমস বন্ড কে এই প্যাটিনসন

রবার্ট প্যাটিনসন
সিনেমা জগতে কিছু বছর থাকে যা একজন অভিনেতার ক্যারিয়ারের সংজ্ঞাই বদলে দেয়। আর ২০২৬ সাল যেন ঠিক তেমনই এক জাদুকরী বছর ৪০ বছর বয়সী ব্রিটিশ তারকা রবার্ট প্যাটিনসনের জন্য।
ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ‘দ্য ড্রামা’ কিংবা ‘প্রাইমটাইম’-এর মতো সিনেমায় দাপট দেখানোর পর এবার ব্রিটিশ সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় চরিত্র, জেমস বন্ড হিসেবে চূড়ান্ত হলেন তিনি।
কয়েক সপ্তাহ ধরে চলা তুমুল গুঞ্জনের অবসান ঘটিয়ে অফিসিয়াল বন্ড প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, সপ্তম অভিনেতা হিসেবে ০০৭-এর চেনা ছকে ধরা দেবেন প্যাটিনসন।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে প্যাটিনসন বলেছেন, ‘জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র, এবং ০০৭-এর দায়িত্ব পাওয়া আমার জীবনের এক পরম সম্মান।’
বার্নসে জন্ম নেওয়া প্যাটিনসন তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। তার বাবা পুরোনো আমলের ক্লাসিক গাড়ির ব্যবসা করতেন এবং মা কাজ করতেন একটি মডেলিং এজেন্সিতে।
প্যাটিনসনের অভিনয়ে আসার গল্পটিও বেশ মজার। স্কুলজীবনে এক অপেশাদার নাট্যদলে যোগ দিয়েছিলেন মূলত সুন্দরী মেয়েদের টানে। ব্যাকস্টেজে কাজ করতে করতে হঠাৎই মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
এরপর ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’-এ সেডরিক ডিগরি চরিত্রে নজর কাড়েন।
২১ বছর বয়সে ‘টোয়াইলাইট’ সিরিজের প্রথম সিনেমায় ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে অভিনয় করে তিনি রাতারাতি তারকা বনে যান। সেখানে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন ও সাধারণ মেয়ে বেলা সোয়ানের প্রেমের রসায়ন প্যাটিনসনকে বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের প্রিয় মুখে পরিণত করে।
সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে পর্দার রসায়ন বাস্তবেও গড়িয়েছিল, এই জুটি চার বছর ডেট করেছিলেন। আর ছবিগুলো বক্স অফিসে তুলে নিয়েছিল ৩.৩ বিলিয়ন ডলারেরও বেশি।
‘টোয়াইলাইট’-এর তুমুল বাণিজ্যিক সাফল্যের পর চেনা ছকের বাইরে গিয়ে স্বাধীন ও পরীক্ষামূলক সব সিনেমায় নিজেকে ভেঙেছেন প্যাটিনসন। ‘গুড টাইম’, ‘দ্য লাইটহাউস’ কিংবা ‘কসমোপলিস’-এর মতো সিনেমাতে তার অভিনয় মুগ্ধ করেছে সমালোচকদের।
এরপর নোলানের ‘টেনেট’ এবং ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’-এর মাধ্যমে আবারও মূলধারার ব্লকবাস্টারে ফেরেন তিনি।
চলতি বছরে ‘দ্য ওডিসি’-তে খলনায়ক চরিত্রে অভিনয় করেও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এমনকি ‘প্রাইমটাইম’-এ তার অভিনয় অস্কারের গুঞ্জনও তুলেছে।
সামনে রবার্ট প্যাটিনসনের ব্যস্ততা আকাশছোঁয়া। আগামী ডিসেম্বরে আসছে ‘ডিউন: পার্ট থ্রি’, আর ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েল।
মজার বিষয় হলো, ‘ডিউন’ এবং পরবর্তী বন্ড সিনেমা, উভয়েরই পরিচালক ডেনিস ভিলেন্যুভ। ফলে বন্ডের সেটে প্যাটিনসন যে বেশ স্বচ্ছন্দেই থাকবেন, তা বলাই বাহুল্য।
ব্যক্তিজীবনে সঙ্গী সুকি ওয়াটারহাউস ও ছোট্ট মেয়েকে নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও, নতুন জেমস বন্ড হিসেবে এবার বিশ্বজুড়ে আরও বড় স্পটলাইটে আসতে চলেছেন এই ব্রিটিশ তারকা।






