‘দুষ্টু কোকিল’ সুরকারের ‘বসন্তের কোকিল’ গানে সিঁথি সাহা

সিঁথি সাহা । ছবি: ফেসবুক থেকে
‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ কিংবা ‘প্রিয়তমা’র গান ‘ও প্রিয়তমা’র মতো বেশ কিছু জনপ্রিয় গানের সুরকার ও সংগীত পরিচালক কলকাতার আকাশ সেন। তার সুরে এবার ‘বসন্তের কোকিল’ শিরোনামের নতুন একটি গান গাইলেন সিঁথি সাহা। ভালোবাসা, বসন্ত আর উৎসবের রঙে সাজানো হয়েছে এটি।
সিঁথি সাহা বলেন, ‘গানটি প্রথমবার শোনার পরই মনে হয়েছিল এটি শ্রোতাদের ভালো লাগতে পারে। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপম মিউজিক থেকে প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি আনন্দিত।’
‘বসন্তের কোকিল’-এর মিউজিক ভিডিওতে নেচেছেন অলংকার চৌধুরী। তিনি বলেন, ‘আমরা একটি আনন্দময়, রঙিন ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। দর্শকের ইতিবাচক মন্তব্য ও ভালোবাসা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।’
মিউজিক ভিডিওতে অলংকারের সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনায় চন্দন রায় চৌধুরী। ‘বসন্তের কোকিল’ গানটি লিখেছেন রনক রায়হান।






