রাফতি ও আকাশ মাহমুদের ‘তুমি আমার সুজন মাঝি’

রাফতি ও আকাশ মাহমুদ
নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন কণ্ঠশিল্পী রাফতি ও আকাশ মাহমুদ। ‘তুমি আমার সুজন মাঝি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতেও দুজন অভিনয় করেছেন।
গানের কথা লিখেছেন ও সুর করেছেন সৈয়দ দুলাল। সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। নতুন এই গানটি নিয়ে বেশ আশাবাদী রাফতি। তার প্রত্যাশা, গানটি সংগীতজীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন গান ও নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে রাফতি বলেন, ‘আমি গানটি নিয়ে ভীষণ আশাবাদী। আকাশ ভাইয়া অসাধারণ একজন মানুষ। শিল্পী হিসেবেও তিনি ভীষণ ট্যালেন্টেড এবং অসামান্য। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ।’
নিজের ভবিষ্যৎ সংগীতযাত্রা নিয়ে রাফতি আরও বলেন, ‘আশা করি, আমার মিউজিক ক্যারিয়ারের পথে এই কাজটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শকদের কাছে আমার আগামীর সংগীত পথচলার জন্য দোয়া চাই। আমি যেন অনেক বড় মাপের একজন শিল্পী হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে পারি।’
সামনে আরও কিছু ভালো কাজ নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান এই কণ্ঠশিল্পী। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তার প্রত্যাশা, নতুন কাজগুলো সবার ভালো লাগবে।
সমালোচনা ও দর্শকদের মতামতকেও ইতিবাচকভাবে নিতে চান রাফতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আশা করি, আমার কাজগুলো পছন্দ হবে। সেই সঙ্গে আমার কাজ কেমন লাগল, ভালো কি মন্দ, তা নিয়ে সমালোচনা করবেন। আমি আমাকে নিয়ে গঠনমূলক সমালোচনা শুনতে পছন্দ করি।’
আগামী ১১ নভেম্বর গানটি প্রকাশ হবে।




