রোমানিয়ান গায়িকা ওটিলিয়া
আমি বাংলা গান গাইতে পারি না, তুমি শেখাবে?

ওটিলিয়া
আবারো ঢাকায় এসেছেন রোমানিয়ার জনপ্রিয় পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ‘বিলিয়নেরা’খ্যাত এই তারকা। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গান শোনাতে তার এই সফর।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে অংশ নেন এই গায়িকা। তিনি বলেন, আমি আগামীকালের কনসার্ট নিয়ে খুবই আনন্দিত। এর আগে আমি ঢাকায় এসেছিলাম। এখানের খাবার খেয়েছি। বাংলাদেশের স্পাইসি খাবার খুব মিস করি।
আগামীর সময়ের এক প্রশ্নের জবাবে ওটিলিয়া বলেন, আমি বাংলাদেশের গান সম্পর্কেও জানি, শুনেছি। কিন্তু গাইতে পারি না। তুমি কি আমাকে শেখাবে?
এর আগে বাংলাদেশে পা রেখেই সামাজিকমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে ওটিলিয়া লিখেছেন, “হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগির দেখা হচ্ছে।”
আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে অনুষ্ঠিত হবে ওটিলিয়ার কনসার্ট। আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে এ কনসার্টে বাড়তি চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
২০২২ সালের ২২ জুলাই প্রথমবার বাংলাদেশ সফরে আসেন ওটিলিয়া। সেই যাত্রায় লাল টুকটুকে শাড়ি পরে এ দেশের মানুষের আবেগ উসকে দিয়েছিলেন এই শিল্পী।




