বেলুচিস্তানে নারী লোকশিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগটিতে বুগটি গোষ্ঠীর এক নারী বালোচি লোকশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিল্পীর নাম মাই সুবহাই। বুগটি গোষ্ঠীর প্রথমদিককার নারী লোকশিল্পীদের একজন হিসেবে পরিচিত ছিলেন তিনি।
পুলিশ জানায়, বুধবার ডেরা বুগটির উপকণ্ঠে মোটরসাইকেলে আসা কয়েকজন সশস্ত্র ব্যক্তি মাই সুবহাই বুগতিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ডেরা বুগটিতে কোনো নারী শিল্পীকে লক্ষ্য করে হামলার ঘটনা এটাই প্রথম। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলছেন, নারী লোকশিল্পী হত্যার ঘটনাটি সব সম্ভাব্য দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনদের অবস্থান শনাক্তে বিভিন্ন স্থানে অভিযানও চালানো হচ্ছে বলে জানান তিনি।
সূত্র- দ্য ডন






