ক্ষমতার অপব্যবহার করা উচিত না, জামিনের পর অভিনেত্রী তিশা

ছবি: আগামীর সময়
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে তার জামিন বর্ধিত করেন।
জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় তানজিন তিশা বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি বিশ্বাস থেকেই আদালতে এসেছি। আরও পাঁচবার যদি আদালতে আসতে হয়, তাহলে আমি আসব। একটা জাস্টিস নিয়েই যাওয়ার চেষ্টা করব। দিনশেষে সবাই আমরা বাংলাদেশের নাগরিক। এই দেশে সত্যতা নিয়েই আমরা বাঁচতে চাই। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, সেটা আমি কখনো সমর্থন করি না। কারোর ক্ষমতার অপব্যবহার করা উচিত না।
আজ এই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। এজন্য আসামি তিশা আদালতে উপস্থিত হন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক ও আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি তার জামিন ও অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন বহাল রাখেন। একই সঙ্গে অভিযোগ গঠনের সময়ের আবেদন মঞ্জুর করেন। এর আগে অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে ডিবি পুলিশ তিশার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিশা আত্মসমর্পণ করে জামিন নেন। পরবর্তী বিচারের জন্য মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারে অংশ নেওয়া এবং এর দাম পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে বাদীপক্ষের অভিযোগ। এ ঘটনায় অ্যাপোনিয়ার প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। আদালত তখন বাদীর জবানবন্দি শুনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
পরে ডিবি তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত গত ১২ জুলাই তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে এবং ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়। তবে অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে ‘উপহার’ দেওয়া হয়েছিল।



