তারকাদের অন্য পরিচয়

গ্রাফিকস: আগামীর সময়
শোবিজের অনেক তারকা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত আগ্রহ থেকে বেছে নিয়েছেন চাকরি কিংবা ব্যবসা। কেউ অভিনয়ের পরিচয় পেছনে রেখে ব্যবসায় মন দিয়েছেন পুরোপুরি। তাদের নিয়ে লিখেছেন মীর রাকিব হাসান
অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন, কিন্তু জীবনের হিসাব শুধুই ক্যামেরার সামনে সীমাবদ্ধ রাখেননি— এমন তারকার সংখ্যা নেহাত কম নয়। কেউ করপোরেট প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করছেন, কেউ গড়ে তুলেছেন ফ্যাশন ব্র্যান্ড, রেস্টুরেন্ট, বিউটি স্যালন কিংবা খাদ্যপণ্যের ব্যবসা। শোবিজের অনিশ্চিত কর্মপরিবেশ, নিয়মিত আয়ের প্রয়োজন, ব্যক্তিগত আগ্রহ এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার চিন্তা থেকেই বিকল্প পেশায় যুক্ত হয়েছেন অনেক তারকা।
ক্যামেরার পাশাপাশি করপোরেট ক্যারিয়ার
অভিনয়ের পাশাপাশি করপোরেট চাকরিকে পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নিয়েছেন কয়েকজন তারকা। ওয়ালটনে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত চিত্রনায়ক আমিন খান। একই প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন অভিনেতা আজিজুল হাকিম। চাকরির ব্যস্ততার মধ্যেও তাদের মাঝেমধ্যে অভিনয়ে দেখা যায়।
নতুন প্রজন্মের অভিনেত্রী শাহনাজ সুমি সম্প্রতি ব্র্যাকের হেলথ প্রোগ্রামে যোগ দিয়েছেন। গ্র্যাজুয়েশন শেষ করার পর ওটিটি ও সিনেমার পরিচিত এই মুখ এখন চাকরি ও অভিনয়— দুটি পথেই একসঙ্গে হাঁটছেন। পড়াশোনাকে অগ্রাধিকার দেওয়ায় আগে দুটি সিনেমার কাজ চূড়ান্ত হলেও করতে পারেননি তিনি। এখন চাকরির ফাঁকে ভালো সিনেমার প্রস্তাব এলে শিডিউল মিলিয়ে অভিনয়ের পরিকল্পনা আছে তার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা চাকরিকে পেশাগত জীবনের অংশ করেছেন। তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি। অভিনয় এখনো তার ভালোবাসার প্রধান জায়গা। তাই ব্যাংকের চাকরির পাশাপাশি বেছে বেছে অভিনয় চালিয়ে যেতে চান। বছরে এক বা দুটি সিনেমায় কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ হিসেবে পেশাগত বাস্তবতার কথা বলেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। নিয়মিত চাকরির সময়সূচির কারণে অভিনয়ে আগের মতো সময় দিতে পারছেন না তিনি। তবে ভালো কাজের সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন।
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ মেহরিন ইসলাম নিশা একসময় নিয়মিত অভিনয় করলেও এখন ঢাকা ব্যাংকের চাকরিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। শবনম ফারিয়ার জীবনে এসেছে একই পরিবর্তন। একসময় নিয়মিত অভিনয় করলেও এখন চাকরি আর সংসারকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। একটি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত ফারিয়া ফুরসত মিললে অভিনয়ের জন্য সময় বের করেন।
ফ্যাশন ব্যবসায় তারকাদের পদচারণা
চিত্রনায়ক সিয়াম আহমেদ তিন বন্ধুকে নিয়ে গড়ে তুলেছেন ফ্যাশন ও গার্মেন্টস ব্যবসা ‘হোলাগো’। ফাহিম আদনান ও মেহেদি জামান সনেটের সঙ্গে তার প্রায় দুই দশকের বন্ধুত্ব। ২০২০ সালে অনলাইনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরে শোরুম খুলেছে। সিয়ামের কাছে এটি শুধু একটি ফ্যাশন ব্র্যান্ড নয়, দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক।
বন্ধু ঊর্মিলা শুক্লার সঙ্গে যৌথভাবে ২০১৮ সালে ‘খুঁত’ নামে ফ্যাশন হাউজ চালু করেন অভিনেত্রী ফারহানা হামিদ। বর্তমানে লালমাটিয়া, বনানী ও ধানমন্ডিতে এর তিনটি শোরুম রয়েছে। পোশাকের নকশাও করেন ফারহানা হামিদ।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রে জনপ্রিয় জিয়াউল হক পলাশ যুক্ত হয়েছেন ফ্যাশন ব্যবসায়। তার অনলাইন ব্র্যান্ডের নাম ‘হাইওয়ে’। এর টি-শার্টে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘সারপ্রাইজ’, ‘সিঙ্গেল’, ‘ফিমেল’, ‘এক্স গার্লফ্রেন্ড’সহ তার অভিনীত বিভিন্ন নাটকের নাম ও নকশা ব্যবহার করা হয়েছে।
সৌন্দর্য থেকে স্বাদ, ব্যবসায় বৈচিত্র্য
চিত্রনায়ক ওমর সানীর রেস্তোরাঁর নাম ‘চাপওয়ালা’। মানিকগঞ্জের বাথুলী ও অরঙ্গাবাদ এলাকায় রয়েছে ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ নামে এর শাখা। অভিনেত্রী কেয়া পায়েল যুক্ত হয়েছেন মেকওভার ও স্যালন ব্যবসায়। রাজধানীর উত্তরায় ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ নামে প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। সাজসজ্জার প্রতি ব্যক্তিগত আগ্রহ থেকেই এই ব্যবসায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত তার।
অভিনয়ে কিছুটা অনিয়মিত রিচি সোলায়মান নতুন পরিচয় গড়েছেন ব্যবসায়ী হিসেবে। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ পরিচালনা করছেন তিনি। নারীদের রূপচর্চার বিভিন্ন সেবা পাওয়া যায় সেখানে। সাংসারিক ব্যস্ততায় অভিনয়ে সময় কম দিলেও ব্যবসার এই উদ্যোগ তাকে নতুন ব্যস্ততা দিয়েছে।
অভিনয়ের বাইরে একাধিক ব্যবসায়িক উদ্যোগ নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হয়েছেন তিনি। রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস।
নায়িকাদের উদ্যোগ
নিজের মাতৃত্বকালীন অভিজ্ঞতাই নতুন ব্যবসার ভাবনা দিয়েছে চিত্রনায়িকা পরীমণিকে। মা ও শিশুর প্রয়োজনীয় পণ্য নিয়ে তিনি গড়ে তুলেছেন ‘বডি’ নামে একটি ব্র্যান্ড। এখানে বিক্রি হয় ম্যাটার্নিটি ড্রেস ও শিশুদের পোশাক। অভিনেত্রী-গায়িকা জিনাত শানু স্বাগতা বেছে নিয়েছেন অর্গানিক খাদ্যপণ্যের ব্যবসা। ‘ট্রুগানিক বাই স্বাগতা’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে চিনিগুঁড়া চাল, ঢেঁকিছাঁটা চাল, চিড়া, মুড়িসহ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি করছেন তিনি।
একটি গাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। দুই বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থেকে ব্যবসার অভিজ্ঞতা নিয়েছেন তিনি।
পুরোপুরি ব্যবসার জগতে
অভিনেতা-নির্মাতা আলমগীর এসেছেন ব্যবসায়ী পরিবার থেকে। পারিবারিকভাবেই পোশাকশিল্পের সঙ্গে যুক্ত তিনি। অনন্ত জলিলের ক্ষেত্রে ব্যবসায়ী পরিচয় নায়ক-প্রযোজক হওয়ার আগেই।
নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট বায়িং হাউজের ব্যবসায় সম্পৃক্ত।
শুধু ফ্যাশন, রেস্তোরাঁ কিংবা সৌন্দর্যচর্চার ব্যবসাই নয়; তারকারা যুক্ত হয়েছেন নানা ধরনের উদ্যোগে। অভিনেতা তৌকীর আহমেদ গাজীপুরে ‘নক্ষত্রবাড়ি’ নামে একটি রিসোর্ট পরিচালনা করছেন। স্থপতি হিসেবে তিনি কাজ করে থাকেন। অভিনয়ের বাইরে বড় পরিসরে ব্যবসায়িক উদ্যোগ নিয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। কসমেটিকস ও ভোক্তাপণ্যের বাজারে এসেছিলেন তিনি।







