জেনেভায় সেরা সিরিজ ‘অ্যানি’

‘অ্যানি’র দৃশ্যে নাজিফা তুষি
সুইজারল্যান্ডে ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগে সেরা সিরিজের পুরস্কার পেলো নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’।
শনিবার উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়। ডিস্টোপিয়ান, অস্বস্তিকর ও রহস্যে ঘেরা গল্প নিয়ে নির্মিত ‘অ্যানি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “জেনেভা চলচ্চিত্র উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগে এমন গল্পকে স্বীকৃতি দেওয়া হয়, যেগুলো শুধুই বিনোদন দেয় না, বরং মানবিক মূল্যবোধ তুলে ধরে, নানা প্রশ্নের জন্ম দেয় এবং বর্তমান পৃথিবী ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। এমন একটি বিভাগে ‘অ্যানি’র স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের।”
গত ২ নভেম্বর ও ৫ নভেম্বর সিরিজটির দুটি প্রদর্শনী হয়েছে জেনেভার লে সিনেমা দ্যু গ্রুতলি সাল সায়মনের বড় পর্দায়। এর গল্পে অ্যানি একজন নার্স। নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় সে। কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায়।
নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পায়, যেখান থেকে সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখে না। অ্যানিকে নিয়ে তুষির মন্তব্য, ‘কিছু চরিত্র কখনোই পুরোপুরি ছেড়ে যায় না।
অ্যানি, আমার মনে হয় তুমি অনেক অনেক দিন আমার সঙ্গে থেকে যাবে। অ্যানিকে বুঝতে গিয়ে নিজের জীবনের কিছু অংশ পেছনে ফেলে আসতে হয়েছে। আবার চরিত্রটির মধ্য দিয়েই নিজের সম্পর্কে নতুন কিছু আবিষ্কারও করেছি।’
‘অ্যানি’তে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ অনেকে। সিরিজটি মুক্তি পাবে আইস্ক্রিনে।




