নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জার অভিনয়

বন্যা মির্জা - ফেসবুক
অভিনেত্রী বন্যা মির্জা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। প্রবাসে তার নাট্যযাত্রায় যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। ‘নেমেসিস’ নামের একটি নাটকের মাধ্যমে নিউ ইয়র্কের মঞ্চে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তিনি। এটি নির্দেশনা দিচ্ছেন খায়রুল ইসলাম পাখি। তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে নাটকটির মহড়া চলছে। আগামী ৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলা ভাষার নাটকটির দুটি প্রদর্শনী হবে। এর আয়োজন করেছে থিয়েটার ৭১।
মঞ্চে আবারও অভিনয়ের সুযোগ পেয়ে বেশ আনন্দিত বন্যা মির্জা। তার ভাষায়, ‘মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা অন্য যেকোনো মাধ্যমের চেয়ে আলাদা। বাংলাদেশের একটি বাংলা নাটক নিউ ইয়র্কের মতো জায়গায় মঞ্চায়ন হতে যাচ্ছে, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। নাটকটি দেখার পর দর্শকরাই বলতে পারবেন, আমরা কতটা সফল হতে পেরেছি। আমরা কোনো চেষ্টার কমতি রাখছি না। নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।’
মাসুম রেজা রচিত ‘নেমেসিস’ নাটকের গল্প ও নির্দেশনা নিয়ে সন্তুষ্ট বন্যা মির্জা। ঢাকায় সর্বশেষ মাসুম রেজার রচনা ও নির্দেশনায় একক নাটক ‘পারো’-তে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
মঞ্চ ও টেলিভিশন, দুই মাধ্যমেই অভিনয়ে নিজের অবস্থান তৈরি করেন বন্যা মির্জা। দীর্ঘ সময় নাট্যদল দেশ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দলটির বেশ কয়েকটি প্রশংসিত প্রযোজনায় অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি টেলিভিশন নাটকে ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা বেড়েছে তার।







